জেরুজালেমে সিনাগগে হামলায় ৪ ইসরায়েলি নিহত
জেরুজালেমে ইহুদিদের একটি প্রার্থনা কেন্দ্রে (সিনাগগ) কুঠার ও ছুরি নিয়ে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে অজ্ঞাত দুই দুষ্কৃতকারী।
মঙ্গলবার চালানো এ হামলায় আরো চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
পরে পুলিশের গুলিতে ওই দুই হামলাকারী নিহত হন। তাদের ফিলিস্তিনি বলে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র সেনা রেডিওকে বলেছেন, চিকিৎসকরা ৯ ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছেন যাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর।
ইসরায়েলি জাকা ইমার্জেন্সি রেসপন্স টিম বলেছে, ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি গণমাধ্যমগুলো চার থেকে পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়েছে। এসব প্রতিবেদনে হামলাকারীদের একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করা হয়েছে।
দেশটির পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেছেন, “আমরা এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছি।”
জেরুজালেমে মুসলিমদের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনায় কয়েক সপ্তাহে ওই অঞ্চলে বেশ কয়েকটি হামলার ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
