প্রচণ্ড গোলা হামলায় প্রকম্পিত দোনেস্ক
প্রচণ্ড গোলা হামলায় প্রকম্পিত হচ্ছে পূর্ব ইউক্রেইনের দোনেস্ক।
কিয়েভ রুশপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরুর হুঁশিয়ারি দেয়ার পর ওই অঞ্চলের বিভিন্ন স্থানজুড়ে গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে।
দোনেস্কের কেন্দ্রস্থলে বেশকয়েকটি গোলার শব্দ শোনা যাওয়ার কথা জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। তবে এ গোলা কোন পক্ষ থেকে ছোড়া হচ্ছে এবং কার ওপর হামলা চলছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না।
পূর্ব ইউক্রেইনে গত ৫ সেপ্টেম্বরে হওয়া যুদ্ধবিরতি দুই পক্ষের গোলা বিনিময়ে বার বারই লঙ্ঘিত হচ্ছে। এপ্রিল থেকে শুরু হওয়া এ লড়াইয়ে ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সরকারি বাহিনী এবং বিদ্রোহীরা উভয়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তভঙ্গের অভিযোগ করেছে। এতে করে যুদ্ধবিরতি পুরোই ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়।
দোনেস্ক নগর প্রশাসনের নামে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শহরের পরিস্থিতি উত্তেজনাকর। অনেক জায়গাতেই ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছে অধিবাসীরা।
