জাপানের অর্থনীতিতে আকস্মিক মন্দা
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে আকস্মিক মন্দা দেখা দিয়েছে। এ বছর তৃতীয় প্রান্তিকে অপ্রত্যাশিতভাবে কমেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি।
এতে করে জাপানে বিপুল অঙ্কের সরকারি ঋণ কমাতে সরকারের বিক্রয় কর বাড়ানোর পদক্ষেপ পিছিয়ে যাওয়ার পাশাপাশি মধ্যবর্তী নির্বাচন আহ্বানের পট প্রস্তুত হয়েছে।
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানের ক্ষমতায় ফেরার প্রায় দু’বছরের মাথায়ই এ মন্দা দেখা দিল। এ বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে জাপানের বাৎসরিক জিডিপি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৬ শতাংশে।
এর আগে বছরের দ্বিতীয় প্রান্তিকে জাতীয় বিক্রয় কর বাড়ানোর পর জিডিপি ৭ দশমিক ৩ শতাংশ কমে গিয়েছিল। ২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর অর্থনীতিতে সবচে বড় ধাক্কা ছিল এটি।
অর্থনীতিবিদরা আশা করছিলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ১ শতাংশ বাড়বে। কিন্তু বছরের তৃতীয় প্রান্তিকে এসে অর্থনীতি আগের তুলনায় আরো ০ দশমিক ৪ শতাংশ সঙ্কুচিত হয়েছে। ব্যক্তিগত ভোগপণ্য ক্রয় এবং রপ্তানী কমে যাওয়ায় অর্থনীতি সঙ্কুচিত হয়েছে।
এ পরিস্থিতিতে ঋণের বোঝা কমানোর লক্ষ্যে বিক্রয় কর বাড়ানোর সিদ্ধান্ত পিছাতে প্রধানমন্ত্রী আবে মধ্যবর্তী নির্বাচন ডাকবেন বলে মনে করা হচ্ছে। আগামী বছর অক্টোবরে দ্বিতীয় দফায় বিক্রয় কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
এর আগে গত এপ্রিলে প্রথম দফায় বিক্রয় বাড়িয়ে ৫ শতাংশ থেকে ৮ শতাংশ করেছিল সরকার। এতে করে বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায়। অর্থনীতিতে এর বিরূপ প্রভাব এখনো কাটেনি।
অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের চেয়ে আরো কমে যাওয়ায় এখন কর আবার বাড়ানোর বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, জাপানের অর্থনীতি মন্দার মধ দিয়ে যাচ্ছে এবং বছরের শেষ দিকে এসে তা আরো সঙ্কুচিত হওয়ায় এখন কর বাড়ানো দেরী করার বিষয়টিতে ভোটারদের রায় নেয়ার সময় এসেছে। ডিসেম্বরে মধ্যবর্তী একটি নির্বাচনের মধ্য দিয়ে তা করা যেতে পারে।
তবে ক্ষমতা গ্রহণের দু’বছরের মাথায় নতুন করে জনসমর্থন পেতে প্রধানমন্ত্রী আবে আগামী মাসে নির্বাচন ডাকতে পারেন বলেও জল্পনা বাড়ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ১৪ ডিসেম্বরে নির্বাচন ডাকতে পারেন আবে। আর মঙ্গলবারই তিনি এ ঘোষণা দিতে পারেন।
