২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেঁচে গেলেন আফগান নারী এমপি

খ্যাতনামা একজন আফগান নারী রাজনীতিবিদকে লক্ষ করে চালানো আত্মঘাতী হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 12:49 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে চালানো এই হামলা থেকে অল্পের জন্য ওই নারী রাজনীতিবিদ বেঁচে গেছেন বলে জানিয়েছে বিবিসি।

নারী অধিকারকর্মী ও আফগান পার্লামেন্টের সদস্য শুকরিয়া বারাকজাই’য়ের গাড়িবহরে চালানো এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আশরাফ গনির ঘনিষ্ঠজন এমপি শুকরিয়াও সামান্য আঘাত পেয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি জানিয়েছেন, শুকরিয়া ভালো আছেন এবং হাল্কা আঘাত পেয়েছেন।

“দুর্ভাগ্যবশত তিনজন বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন এবং প্রায় ১৭ জন আহত হয়েছেন,” বলেছেন তিনি।

অন্যান্য সদস্যদের সঙ্গে গাড়িবহর নিয়ে পার্লামেন্টে যাওয়ার সময় বহরের বাইরের একটি গাড়ি শুকরিয়ার গাড়িকে সজোরে আঘাত করার চেষ্টা করে, এর পরপরই আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।

চলতি বছর দেশটিতে মোতায়েন করা অধিকাংশ বিদেশি সেনা প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

এ পরিস্থিতিতে রাজধানীসহ পুরো দেশজুড়ে বিক্ষিপ্ত হামলা শুরু করেছে তালেবান বিদ্রোহীরা।

এক সপ্তাহ আগে কাবুলের সবচেয়ে সংরক্ষিত এলাকাগুলোর মধ্যে অন্যতম কাবুলের পুলিশ প্রধানের দপ্তরে এক আত্মঘাতী হামলা চালানো হয়। এ হামলায় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন।