২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন জিম্মি ক্যাসিগের শিরশ্ছেদ করেছে আইএস

ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট জঙ্গিরা অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে নতুন করে আরেক মার্কিন জিম্মি পিটার ক্যাসিগকে শিরশ্ছেদ করে হত্যার দাবি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 04:53 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

ভিডিওতে শিরশ্ছেদের দৃশ্য দেখা যায়নি। তবে একজন মুখোশধারী ব্যক্তির পায়ের কাছে কাটা মাথা পড়ে থাকতে দেখা গেছে।

ব্রিটিশ উচ্চারণে ইংরেজি ভাষায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “এই হচ্ছে পিটার এডওয়ার্ড ক্যাসিগ, যুক্তরাষ্ট্রে একজন নাগরিক”।

ভিডিওটি সত্যাসত্য তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। আইএস এর ব্যবহৃত ট্যুইটার এবং জিহাদি ওয়েবসাইটে ভিডিওটি দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের ত্রাণকর্মী ২৬ বছর বয়সী পিটার ক্যাসিগ আব্দুল রহমান ক্যাসিগ নামেও পরিচিত। গত বছর সিরিয়ায় তিনি আইএস এর হাতে আটক হন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর রেঞ্জার হিসাবে ইরাকেও কাজ করেছিলেন তিনি।

পরবর্তীতে জরুরি চিকিৎসাকর্মী হিসাবে প্রশিক্ষণ নিয়ে ক্যাসিগ ২০১২ সালে লেবাননে ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা করার পাশাপাশি সিরীয় শরণার্থদের জন্যও কাজ করেন। ওই বছরই তিনি ‘স্পেশাল এমার্জেন্সি রেজপন্স এন্ড অ্যাসিসটেন্ট’ সংগঠন গড়ে তুলে সিরিয়া সীমান্তের কাছে তুরস্কে কাজ শুরু করেন।

সিরিয়া সীমান্তের দুপারেই ত্রাণ সরবরাহ করা এবং হতাহতদের চিকিৎসা করাসহ সিরিয়ার ভেতরে চিকিৎসাকর্মীদেরকে প্রশিক্ষণ দিতেন ক্যাসিগ।

আইএস গত অক্টোবরে ব্রিটিশ ত্রাণকর্মী অ্যালেন হেনিংকে হত্যার ভিডিও প্রকাশের সময় ক্যাসিগকেও হত্যার হুমকি দিয়েছিল। এর আগে আইস এর আরো মার্কিন জিম্মিকে একইভাবে হত্যা করেছে।

আইএস তাদের ওপর যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না হলে মার্কিন নাগরিকদেরকে হত্যার হুমকি দিয়ে গত অগাস্ট-সেপ্টেম্বরে জেমস ফোলি এবং স্টিভেন সলোফ নামক দুই মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করে।

এছাড়াও, কয়েকজন ব্রিটিশ জিম্মিকেও এরই মধ্যে একইভাবে হত্যা করেছে আইএস জঙ্গিরা।