২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিং যেতে ব্যর্থ হংকংয়ের ছাত্রনেতারা

হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতাদের বেইজিং যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 07:46 PM

Updated : 25 Apr 2022, 04:58 PM

ভ্রমণের অনুমতিপত্র অকার্যকর হয়ে যাওয়ার অজুহাতে বিমানবন্দরেই তাদের আটকে দেয়া হয়।

চীন নিয়ন্ত্রনাধীন হংকংয়ে আরো বৃহত্তর গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে বেইজিংয়ের নেতাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন ওই ছাত্রনেতারা। তিন সদস্যের দলটির নেতৃত্বে ছিলেন হংকং ফেডারেশন অফ স্টুডেন্টস (এইচকেএফএস) নেতা অ্যালেক্স চো।

ছাত্রনেতাদের মুখপাত্র জানান, তাদের বিমানে উঠতে বাধা দেয়া হয়েছে। কারণ তাদের ফিরে আসার অনুমতিপত্র বাতিল হয়ে গেছে।

আরো বেশি গণতন্ত্রের দাবিতে গত সেপ্টেম্বর থেকে হংকংয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রেখেছে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা।

তাদের দাবি, হংকংয়ের ২০১৭ সালের নির্বাচনে স্বাধীনভাবে প্রার্থীতা বাছাইয়ের অনুমতি দেয়া।

গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা বিমানবন্দরে পৌঁছালে সমর্থকরা করতালি দিয়ে তাদের শুভেচ্ছা জানায়। এ সময় জমায়েত থেকে হলুদ ছাতা তুলে ধরা হয়। গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের প্রতীক হয়ে উঠেছে এই ছাতা।

বেইজিং যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে ছাত্র নেতারা বলেন, যেহেতু হংকং প্রশাসন তাদের কোন রকমের ছাড় দিতে অপারগ বলে জানিয়ে দিয়েছে, তাই তারা সরাসরি চীনের নেতাদের সঙ্গে কথা বলতে চান।