২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ের বিক্ষোভকারী ছাত্রনেতাদের চীন সফরের পরিকল্পনা

হংকংয়ে বৃহত্তর গণতন্ত্রের জন্য বিক্ষোভ চালিয়ে যাওয়া তিন ছাত্রনেতা তাদের এ সংগ্রামকে আরো এগিয়ে নিতে চীন সফরের পরিকল্পনা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 09:42 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

হংকংয়ে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা করতে সরকারের ব্যর্থতায় হতাশা বাড়তে থাকার মধ্যে শনিবারে বেইজিংয়ে যাওয়ার এ পরিকল্পনা জানিয়েছেন নেতারা।

হংকংয়ের অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থান ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে দখল করে রেখেছে বিক্ষোভকারীরা। ২০১৭ সালে চীনের প্রভাবমুক্ত অবাধ একটি নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে তারা।

‘হংকং ফেডারেশন অব স্টুডেন্টস’ (এইচকেএফএস)নেতা অ্যালেক্স চো বৃহস্পতিবার বলেছেন, তিনি তার সমর্থকদের নিয়ে বেইজিংয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। এ সফরে তারা চীনা নেতা লি খাখিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করার আশা করছেন।

হংকং এর বিক্ষোভকারী নেতাদের এ সফর পরিকল্পনায় বেইজিং নাখোশ হবে বলেই মনে করা হচ্ছে। কারণ, বেইজিং হংকং এর বিক্ষোভকে অবৈধ আখ্যা দিয়ে আসছে। তাছাড়া, তারা গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদেরকে দেশে প্রবেশ করতে দেবে এমন কোনো নিশ্চয়তাও নেই।