‘আইএসকে হঠাতে ইরাকের ৮০ হাজার সেনা প্রয়োজন’
ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের কাছে হারানো এলাকা পুনরুদ্ধার ও সিরিয়ার সঙ্গে সীমান্ত পুনরায় স্থাপন করতে হলে ইরাকের ৮০ হাজার দক্ষ সেনার প্রয়োজন হবে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ পর্যায়ের একজন জেনারেল এই মন্তব্য করেছেন।
মার্কিন কংগ্রেসের এক শুনানিতে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান সেনা জেনারেল মার্টিন ডিম্পসে বলেন, “ইরাকের দক্ষ ৮০ হাজার সেনার প্রয়োজন যাতে করে মসুল শহরসহ হারানো এলাকা পুনরুদ্ধার করতে পারে এবং সীমান্ত পুনর্বহাল করা সম্ভব হয়।”
ইরাকে আরো মার্কিন সেনা পাঠানোর অনুরোধ জানিয়ে ডিম্পসে এই কথা বলেন। দেশটির যে বাড়তি সেনা প্রয়োজন তাদের প্রশিক্ষণ দেয়ার জন্য আরো মার্কিন সেনাদের দরকার বলে জানান তিনি।
