‘বিয়ে বিচ্ছেদে শতকোটি ডলার ক্ষতিপূরণ’
নগদ অর্থ ও সম্পদ মিলিয়ে প্রায় ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়া হলেও তা যথেষ্ট বলে মানছেন না যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তেল ধনকুবের হ্যারল্ড হ্যামের সাবেক স্ত্রী স্যু অ্যান হ্যাম।
বিয়ের সময় সম্পত্তির ওপর তার যে অধিকার স্বীকৃত হয়েছিল সেই বিবেচনায় ক্ষতিপূরণে অবমূল্যায়ন করা হয়েছে। এই দাবিতে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন সু অ্যান।
বৃহস্পতিবার স্যু অ্যান’র একজন আইনজীবী রন বারবের জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপিল করবেন।
চলতি সপ্তাহে হ্যাম দম্পতি বিয়ে বিচ্ছেদের মাধ্যমে পরস্পর থেকে আলাদা হন।
তাদের বিয়ে বিচ্ছেদের মামলার রায়ে আদালত নির্দেশ দেয়, হ্যাম দম্পতির ২৬ বছরের বিবাহিত জীবনে কন্টিনেন্টাল রিসোর্সের শেয়ারের মূল্য ১৮ বিলিয়ন ডলারের হলেও রির্সোসের প্রধান নির্বাহী কর্মকর্তা এর ৯৪ শতাংশ তার অধীনে রেখে দিতে পারবেন।
আদালতের এই সিদ্ধান্তকে অ্যান “অন্যায্য” বলে বিবেচনা করছেন বলে জানিয়েছেন বারবের।
সোমবার ওকলাহোমা কাউন্টি আদালতের বিচারক হাওয়ার্ড হারালসন, কন্টিনেন্টাল রিসোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হ্যারল্ড হ্যামকে তার সাবেক স্ত্রীকে ৯৯ কোটি ৫০ লাখ ডলার দেয়ার নির্দেশ দেন।
ক্যালিফোর্নিয়ায় একটি খামার ও ওকলাহোমার বাড়িসহ আরও কয়েক কোটি ডলারের সম্পত্তিও অ্যানের মালিকানাধীন থাকবে বলে নির্দেশ দেয় আদালত।
কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তেল ধনকুবের বলে পরিচিত হ্যারল্ড হ্যামকে তার সম্পদের অধিকাংশই নিজের মালিকানাধীনে রাখার সুযোগ দেন আদালত। যৌথ সম্পত্তির একটি ক্ষুদ্র অংশই কেবল পান অ্যান।
হ্যাম দম্পত্তির বিয়ে বিচ্ছেদ মামলার রায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় ক্ষতিপূরণের ঘটনা।
