২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বোকো হারামের কবল থেকে দুটি শহর উদ্ধার

স্থানীয় শিকারি ও বেসামরিক স্বেচ্ছাসেবীদের সহায়তায় বোকো হারাম জঙ্গিদের হটিয়ে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় দুটি ছোট শহর পুনর্দখল করেছে দেশটির সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Nov 2014, 12:32 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

বৃহস্পতিবার নাইজেরিয়ার আদমাবা রাজ্যের গভর্নর ও স্থানীয় অধিবাসীরা বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছেন।

২৮ অক্টোবর বহু বাসিন্দাকে হত্যা করে আদমাবার মুবি শহরটি দখল করে নিয়েছিল বোকো হারাম জঙ্গিরা। শহরটি দখলের পর শহরের অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় তারা। জঙ্গিদের ভয়ে শহরের কয়েক হাজার অধিবাসী পালিয়ে যায়।

সোমবার মুবি’র ৩০ কিলোমিটার দক্ষিণের মাইহা শহরটিও দখল করে নিয়েছিল বোকো হারাম।

এক সংবাদ সম্মেলনে আদমাবা’র গভর্নর বালা নগিলারি জানিয়েছেন, স্থানীয় শিকারি ও বেসামরিক যৌথ টাস্ক ফোর্স নামের স্বেচ্ছাসেবী বাহিনী জোটের সহায়তায় সেনারা শহর দুটি থেকে জঙ্গিদের হটিয়ে দেয়।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় এসব এলাকার মানুষজন জঙ্গি হামলার মুখে প্রায়ই আত্মরক্ষার জন্য শিকার করার রাইফেলসহ হাতের কাছে যা পান তাই নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। এসব সময়ে রাষ্ট্রীয় বাহিনী প্রায়ই তাদের একা ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ জানিয়ে আসছিলেন তারা। এবার সবার সম্মিলিত প্রতিরোধে সাফল্য পেলেন তারা।

নগিলারি বলেছেন, “মুবি থেকে জঙ্গিদের হটিয়ে দেয়া হয়েছে এবং তারা পালিয়ে বেড়াচ্ছে।”

মুবি থেকে রাজ্যের রাজধানী ইয়োলায় পালিয়ে যাওয়া স্থানীয় সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছেন, তিনি ফোনে মুবির মানুষদের সঙ্গে কথা বলে মুবি পুনর্দখল করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন।

এই বিষয়ে নাইজেরীয় সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ইয়োলা থেকে সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “সেনাবাহিনী বিদ্রোহীদের দখলকৃত মুবি ও অন্যান্য শহর ও গ্রাম পুনর্দখল করার পথে রয়েছে।”

মাইহার স্থানীয় শিকারি জেমস টুটু দাবি করেছেন, মাইহায় ৭৫ জন জঙ্গি নিহত হয়েছেন ও বহু আহত হয়েছেন। তবে কর্মকর্তারা টুটু’র এ দাবি নিশ্চিত করেননি।