২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সংস্কারে পিছিয়ে পড়ছে: ওবামা

রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও সামগ্রিক সংস্কারে মিয়ানমার সরকারের পশ্চাদপদতার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

তবে তিনি এও বলেন, দেশটির রাজনৈতিক পরিবর্তনের বিষয়টিতে তার আস্থা আছে।

পূর্ব এশিয়া সম্মেলনে অংশ নিতে মিয়ানমারের রাজধানী নিপিধোতে গেছেন ওবামা। সেখানে যাওয়ার আগে একটি সাক্ষাৎকারে ওবামা মিয়ানমার সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “সংস্কার প্রশ্নে তাদের গতি খুবই ধীর। কিছু ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে”।

“নতুন করে শুরু এবং পুরনো বিরোধ মিটিয়ে ফেলার লম্বা ও কঠিন পথে বার্মা (মিয়ানমার) সবে মাত্র চলতে শুরু করেছে।”

তবে ওবামা এও বলেন, “কিছু কিছু ক্ষেত্রে তাদের অগ্রগতি হয়েছে। যেমন: রাজনৈতিক বন্দীদের ছেড়ে দেয়া হচ্ছে, সংবিধান সংস্কারের কাজও চলছে।তবে সামরিক শাসন অবসানের পর যত দ্রুত উন্নতি হবে বলে ধারণা করা হয়েছিল তা আসলে সেভাবে হয়নি।”

ওবামার এ মন্তব্যের কিছুদিন আগে মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিও দেশের সংস্কার প্রক্রিয়া থমকে গেছে বলে মন্তব্য করেছিলেন।

২০১০ সালের নভেম্বরে দীর্ঘদিনের সামরিক শাসনের অবসান ঘটিয়ে বেসামরিক কর্তৃপক্ষ মিয়ানমারের ক্ষমতা গ্রহণ করে।

মিয়ানমার সরকার রাজনৈতিক বন্দীদের ছেড়ে দিলেও তাদের চলাচলের ওপর নানা ধরণের বিধি নিষেধ আরোপ করে রেখেছে। দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতাও তেমন নেই। বিভিন্ন কারণে সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়গুলোরও সমালোচনা করেছেন ওবামা।

এছাড়া, রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সরকারের বিমাতা সুলভ আচরণেরও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট।

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন এর সঙ্গে বৃহস্পতিবার রাতে ওবামার বৈঠকে বসার কথা রয়েছে।