নিষেধাজ্ঞার অবসান হতেই হবে: রাশিয়া
পশ্চিমাদের সঙ্গে সম্পর্কে সমস্যা দূর করতে হলে নিষেধাজ্ঞা উঠে যেতেই হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।
মিয়ানমারে পূর্ব এশিয়ার দেশগুলোর সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে একথা বলেন তিনি। ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা রুশ প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে একথা জানায়।
মেদভেদেভ বলেন, “নিষেধাজ্ঞা পরিহার করে সম্পর্ককে স্বাভাবিক করা, স্বাভাবিক অবস্থায়, শান্তবস্থায় ফিরে আসাসহ ফলপ্রসূ আলোচনা হওয়াটা জরুরি”।
পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী তৎপরতা কে ঘিরে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কে উত্তেজনা বেড়েছে। নেটো বুধবার ফের নতুন করে ইউক্রেইন সীমান্তে রাশিয়ার সেনা ও সামরিক সাজসরঞ্জাম প্রবেশ করেছেন বলে অভিযোগ করেছে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা মুখে শান্তির কথা বললেও তলে তলে ইউক্রেইনে লড়াই জিইয়ে রেখেছে।
