‘জাপানে সামরিক নীতি পরিবর্তনের প্রতিবাদে আত্মহত্যা’
জাপানের সামরিক নীতির বড় ধরনের পরিবর্তনের প্রতিবাদে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন একজন নাগরিক।
হিবিয়া পার্ক থেকে মঙ্গলবার একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। টোকিওর ইম্পেরিয়াল প্যালেস ও পার্লামেন্টের কাছেই ওই পার্কের অবস্থান।
ওই ব্যক্তি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
জাপানের গণমাধ্যম জানিয়েছে, আত্মহত্যাকারী ওই ব্যক্তির কাছে ভিডিও ক্যামেরা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিটি জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও প্রভাবশালী অন্য আইনপ্রণেতাদের লক্ষ করে লেখা। তাতে জাপানের সামরিক নীতির পরিবর্তনের কঠোর সমালোচনা করেন।
চলতি বছরের জুলাইয়ে দেশটির আইন প্রণেতারা সামরিক নীতিতে ব্যাপক পরিবর্তন আনেন। এই পরিবর্তনের ফলে জাপানের সেনা সদস্যরা এখন থেকে দেশের বাইরে গিয়েও যুদ্ধ করতে পারবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সহযোগিতায় জাপানের যে সংবিধান প্রণীত হয় সেখানে সেনা শক্তি প্রয়োগের পথ সীমাবদ্ধ করে দেয়া হয়েছিল।
৬৭ বছর ধরে ওই সংবিধান অনুযায়ীই সবকিছু পরিচালিত করছিল জাপান। কিন্তু অ্যাবে প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের সামরিক নীতির পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে সফল হন।
