ভারতে বন্ধ্যাকরণের অস্ত্রোপচারে মৃতের সংখ্যা বাড়ছে
ভারতের ছত্তিশগড় রাজ্যে সরকারি উদ্যোগে পরিচালিত বন্ধ্যাকরণ শিবিরে শনিবারের অস্ত্রোপচারের পর মৃতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে।
বন্ধ্যাকরণের পর মারা যাওয়া নেম বাঈকে বলা হয়েছিল বন্ধ্যাকরণ এতই সাধারণ একটি অস্ত্রোপচার যে সন্ধ্যার মধ্যেই তিনি বাড়ি ফিরে যেতে পারবেন আর মাত্র দুই দিনের মধ্যে মাঠে কাজ করতে যেতে পারবেন।
অথচ অস্ত্রোপচারের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অচেতন হয়ে পড়েন পাঁচ সন্তানের জননী ৩৫ বছর বয়সী নেম বাঈ। পরে তিনি মারা যান।
নেম বাঈয়ের স্বামী রামাভতার সুরইয়াবংশী রয়টার্সকে বলেন, “পুরো রাত সে প্রচণ্ড ব্যাথায় কাতরেছে।”
ভোরের দিকে সুরইয়াবংশী তার স্ত্রীকে কাছের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। তখন নেম বাঈ কথা পর্যন্ত বলতে পারছিলেন না। হাসপাতাদের নীবিড় পর্যবেক্ষণে ২০ মিনিট থাকার পর তিনি মারা যান।
আরো প্রায় ৫০ জনের বেশি নারী এখনো হাসপাতালে ভর্তি। যাদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
অভিযোগ উঠেছে, বন্ধ্যাকরণের এই অস্ত্রোপচারের সময় চিকিৎসক নোংরা অস্ত্রোপচার কক্ষে অনেক পুরনো যন্ত্রপাতি ব্যবহার করেছেন।
ছত্তিশগড় ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (সিআইএমএস) এর চিকিৎসক কে.এন. চৌধুরি বলেন, “এটা পুরো রাজ্যের জন্য শোকবহ ঘটনা।” এই হাসপাতালেও বেশ কয়েকজন নারী ভর্তি আছেন।
পুলিশ জানায়, বিলাসপুর জেলায় ভিলেজ ফ্যামিলি প্লানিং ক্যাম্পে আর.কে. গুপ্তা নামের অভিজ্ঞ একজন চিকিৎসক এক দিনে ৮০টি’র বেশি অস্ত্রোপচার করেছেন।
ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত ভাবেই এ ধরনের অস্ত্রোপচার হয়।
স্থানীয় জ্যেষ্ঠ সরকারী কর্মকর্তা সিদ্ধার্থ কমল সিং পরদেশী রয়টার্সকে জানান, মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। তবে ওই নারীদের শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে। খুব সম্ভবত অস্ত্রোপচারে নোংরা যন্ত্রপাতির ব্যবহার বা নকল ওষুধের ব্যবহারের কারণে এটা হয়ে থাকতে পারে।
ডা.গুপ্তা মাত্র দুইজন সহকারী নিয়ে একটি নোংরা ও পরিত্যক্ত প্রাইভেট হাসপাতালে তিন ঘণ্টারও কম সময়ে এতজন নারীর অস্ত্রোপচার করেন।
সরকারী কর্মকর্তাদের দাবি, এ ব্যাপারে সরকারের সুস্পষ্ট নির্দেশনা আছে ‘একদিনে ৩০ জনের বেশি নারীর অস্ত্রোপচার করা যাবে না।’
কি ভুলের কারণে এতো জন দরিদ্র অসহায় নারীকে জীবন দিতে হলো সেটা তদন্ত করে দেখতে বুধবার দিল্লি থেকে সাত সদস্যের একটি চিকিৎসক দল বিলাসপুর এসেছেন।
এছাড়া, স্থানীয় সরকারের পক্ষ থেকে ডা. গুপ্তার বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ এনে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে রয়টার্সয়ের পক্ষ থেকে ডা. গুপ্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
