২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইএসের অন্যতম শীর্ষ কমান্ডার নিহত’

ইরাকের ফাল্লুজা শহরের কাছাকাছি একটি এলাকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেট’র (আইএস) অন্যতম শীর্ষ কমান্ডার আবু হুদাইফা আল ইয়েমেনি নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Nov 2014, 01:53 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

সোমবার ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ খরব জানানো হয়েছে।

নিহত ইয়েমেনি আইএস’র নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে ইয়েমেনি বাগদাদির ঘনিষ্ঠ সহযোগী কিনা এবং তিনি নিহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরাকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও ইয়েমেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি।

এর আগে সোমবার ইরাকের ওই অঞ্চল থেকে বাগদাদি নিহত হয়েছেন বা আহত হয়েছেন, এমন পরস্পরবিরোধী প্রতিবেদনের বিষয়ে পেন্টাগন জানিয়েছিল, তারা বাগদাদি নিহত বা আহত হয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদন নিশ্চিত করতে পারবেন না।

পেন্টাগন মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেছেন, “বাগদাদি নিহত বা আহত হয়েছেন, ইরাক থেকে পাওয়া এমন প্রতিবেদন নিশ্চিত করার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই।”

শুক্রবার রাতে ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর বাগদাদি নিহত বা আহত হয়েছেন, এমন পরস্পরবিরোধী গুজব ছড়িয়ে পড়ে।

কার্যত ইরাকি সেনাবাহিনীর কোনো প্রতিরোধ ছাড়াই জুনে ইরাকের উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয় আইএস। ইরাক ও সিরিয়ায় দখল করা অংশে দুই দেশের সীমান্ত বিলুপ্ত করে ইসলামি খিলাফল প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস।

আল বাগদাদিকে এই খিলাফতের খলিফা হিসেবে ঘোষণা করা হয়।

বাগদাদের পশ্চিমাঞ্চলীয় সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশের ফাল্লুজা আইএস এর একটি শক্তিশালি ঘাঁটি।

শুক্রবার থেকে সপ্তাহজুড়ে ইরাকে ও সিরিয়ায় আইএস’র অবস্থানের ওপর যুক্তরাষ্ট্র ও মিত্ররা ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে সিরিয়ায় ২৩টি ও ইরাকে জঙ্গি অবস্থানের ওপর ১৮টি হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড।

অপরদিকে আইএএনএস জানিয়েছে, সিরিয়ায় জোটের বিমান হামলায় আইএস অপর শীর্ষ নেতা আবু আনাস আল-শামি নিহত হয়েছেন বলে প্রকাশিত খবরের বিরোধিতা করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

নিহত বলে কথিত আল-শামিকে সিরিয়ার ইরাক সীমান্তের শহর আল বুকামালে প্রকাশ্যে অনুসারীদের নিয়ে হাঁটতে দেখা গেছে বলে দাবি করেছে অভজারভেটরি।