`যিশু বিবাহিত ছিলেন'
কিছু খ্রিস্টান অনুসারির মাঝে চরিত্রহীন নারী হিসেবে পরিচিত মেরি ম্যাগডালেনের সঙ্গে যিশুর বৈবাহিক সম্পর্ক ছিল এবং তাদের সংসারে দুজন সন্তানও এসেছিল।
সম্প্রতি ব্রিটিশ লাইব্রেরিতে সন্ধান মেলা প্রায় ১৫শ' বছরের পুরোনো একটি পাণ্ডুলিপিতে এমন তথ্য পাওয়ার দাবি করছেন এর অনুবাদকারীরা।
ব্রিটেনের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকা এধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। কয়েক মাস ধরে কাজ করে ‘লস্ট গসফেল’ নামে পরিচিত প্রাচীন আরামাইক ভাষা থেকে পাণ্ডুলিপিগুলোর অনুবাদ করেছেন অধ্যাপক ব্যারি উইলসন ও লেখক সিমকে ইয়াকোবোভিচ।
এছাড়া, ভার্জিন মেরি যিশুর মা ছিলেন না বরং তিনিও তার স্ত্রী ছিলেন বলে নতুন ওই বইয়ের দাবি।
মেরি ম্যাগডালেন চরিত্রটি প্রচলিত গসফেলও বেশ আলোচিত। যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া, তার পুনরুত্থানসহ তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। পুনরুত্থানের পর ম্যাগডালেনই প্রথম যিশুর সাক্ষাৎ পেয়েছিলেন বলে খ্রিস্টান ধর্মগ্রন্থে উল্লেখ আছে।
তবে আলোচিত চরিত্র ম্যাগডালেনকে যিশু বিয়ে করার দাবিটি এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন ঐতিহাসিক এমন দাবি তুলেছিলেন।
১৯৫৩ সালে নিকোজ কাসানসাকি তার ‘দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট’ এবং ডেন ব্রাউনের ‘দ্য ড্য ভিঞ্চি কোড’ বইতেও মেরি ম্যাগডালেনকে যিশুর স্ত্রী হিসেবে উপস্থাপন করা হয়।
সানডে টাইমসের খবরে বলা হয়, বুধবার এ বিষয়ে আরো খবর দেয়া হবে। ম্যাগডালেনের ঘরে যিশুর দুই সন্তানের নামও প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলন করে নতুন এই দাবি সম্পর্কে আরো তথ্য নিয়ে আসা হবে বলে নতুন বইটির প্রকাশ ও অনুবাদের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
