মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা বড় হচ্ছে। তার মন্ত্রিসভায় রোববার ২১ জন নতুন মন্ত্রী যোগ দিয়েছেন। এদিন দুপুরেই শপথ নিয়েছেন তারা।
মন্ত্রিসভার এ নতুন সদস্যরা বিভিন্ন অঞ্চল, রাজ্য ও সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ।মন্ত্রীদের তালিকায় রয়েছেন বলিউডের একজন সঙ্গীতশিল্পীসহ বৈমানিক, ডাক্তার, ব্যবসায়ী এমনকি শিল্পপতিও।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর মোদী এই প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত নিলেন। তার সম্প্রসারিত এ নতুন মন্ত্রিসভায় রয়েছেন ৪ জন পূর্ণ মন্ত্রী, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৪ জন প্রতিমন্ত্রী।
১৬ সদস্যের ছোট মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করেছিলেন মোদী। বিভিন্ন মন্ত্রণালয় মিলিয়ে দেয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। সে অনুযায়ী একজন মন্ত্রীর হাতে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সঁপতে হয় তাকে।
মন্ত্রীদের দায়িত্বের বোঝা হালকা করতে নূন্যতম সরকার ব্যবস্থার পথ থেকে সরে এসে মন্ত্রীসভার বহর বাড়ালেন তিনি।
