২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২শ’ বিদ্রোহীকে হত্যার দাবী ইউক্রেইন বাহিনীর

পূর্ব ইউক্রেইনে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে একদিনের লড়াইয়ে সবচেয়ে বেশি যোদ্ধা হারিয়েছে দেশটির বিদ্রোহীপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 04:38 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

বৃহস্পতিবার দোনেৎস্ক শহরের বিমানবন্দরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে “২০০ জনেরও বেশি” বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবী করেছে ইউক্রেইনীয় সেনাবাহিনী। শুক্রবার সেনাবাহিনীর সংবাদ বিভাগ থেকে এ দাবী জানানো হয়েছে।

নিজেদের দাপ্তরিক ফেইসবুক পাতায় সংবাদ বিভাগ বলেছে, “গতকাল দোনেৎস্ক বিমানবন্দর এলাকায় ইউক্রেইনীয় বাহিনীর অবস্থানের ওপর যে যোদ্ধারা গোলাবর্ষণ করছিল পাল্টা গোলাবর্ষণে তারা ধ্বংস হয়ে গেছে।”

একইদিন আলাদাভাবে ইউক্রেইনীয় জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের মুখপাত্র আন্দ্রে লাইসেঙ্কো জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দোনেৎস্ক ও লুগানস্ক অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে পাঁচ সরকারি সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

তিনি দাবী করেছেন, গতদিনে বিদ্রোহীরা উল্লেখযোগ্য সংখ্যক শক্তিবৃদ্ধি করেছে। তিনি দাবী করেছেন, ওই সেনারা ও তাদের সামরিক সরঞ্জাম “রাশিয়া থেকে সীমান্ত অতিক্রম করে” ইউক্রেইনে প্রবেশ করেছে।

এর বিপরীতে বিদ্রোহীদের সংবাদ বিভাগ বিনা উস্কানিতে হামলার জন্য ইউক্রেনীয় সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে।

তারা বলেছে, “পদাতিক বাহিনীর বহু সাঁজোয়া যান, অস্ত্রবাহী ট্রাক” বিদ্রোহীদের প্রধান শক্তিকেন্দ্র দোনেৎস্ক শহরের দিকে এগিয়ে আসছে।

তবে পূর্ববর্তী ২৪ ঘন্টায় তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো মন্তব্য করেনি বিদ্রোহীরা।

এর আগে দোনেৎস্ক সিটি কর্পোরেশন পক্ষ থেকে জানানো হয়েছিল, বৃহস্পতিবার রাতভর সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই হয়েছে। এতে ১৫ বেসামরিক মানুষ আহত হলেও কেউ নিহত হননি বলে বলা হয়েছে।