২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুরসিপন্থিদের বিক্ষোভ, নিহত ২

মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দুটি সংঘর্ষের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 03:46 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শুক্রবার রাজধানী কায়রো ও ফায়ৌম এলাকায় ঘটা এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন।

দেশটির রাষ্ট্রিয় বার্তা সংস্থা জানিয়েছে, কায়রোর আয়িন শামস এলাকায় মুরসিপন্থিদের বিক্ষোভ মিছিল চলাকালে প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে একজন নিহত ও অপর দুজন আহত হন।

কায়রোর ৮৫ কিমি দক্ষিণে ফায়ৌমের এটসা শহরে মুরসিপন্থিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর একই ধরনের এক সংঘর্ষের ঘটনায় ১৮ বছর বয়সী এক ছাত্র নিহত হন বলে রাষ্ট্রিয় বার্তা সংস্থার আরেকটি প্রতিবেদনে জানানো হয়েছে।

মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরী পরিচর্যা ইউনিটের প্রধান মোহাম্মদ সুলতান বলেছেন, “আমরা দুটি মৃতদেহ পেয়েছি। এর একটি কায়রোর হেলিওপোলিস হাসপাতাল থেকে ও অপরটি ফায়ৌমের এটসা হাসপাতাল থেকে। তবে এদের মৃত্যুর কারণ আমরা এখন নিশ্চিত করতে পারব না।”

জুলাই, ২০১৩ সালে সেনাবাহিনী মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে। পরে তার সমর্থকদের প্রতিবাদ অবস্থানে নিরাপত্তা বাহিনীর চালানো দমনাভিযানে প্রায় এক হাজার জন মুরসিপন্থি নিহত হন, গ্রেপ্তার করা হয় আরো কয়েক হাজার মুরসিপন্থিকে।

এরপর থেকে প্রতি শুক্রবার জুমার নামাজের পর মুরসির ক্ষমতাচ্যুতিকে “সেনা অভূত্থান” হিসেবে নিন্দা জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ করে আসছেন মুরসিপন্থিরা।