সিরিয়ায় খোরাসন গ্রুপের ওপর নতুন করে হামলা
সিরিয়ার আল-কায়দা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন খোরাসান গ্রুপের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, সংগঠনটি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করেছিল।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ঈদলিব প্রদেশের সারমাদা এলাকায় খোরাসানের পাঁচটি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালানো হয়েছে। এলাকাটি তুরস্কের সীমান্তের কাছাকাছি অবিস্থিত।
ওদিকে, পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, হামলাগুলোর একটির লক্ষ্যবস্তু ছিল খোরাসান গ্রুপের সদস্য ডেভিড দ্রুঁ।
ফ্রান্সে জন্ম নেয়া দ্রুঁ পরে ইসলাম ধর্ম গ্রহণ করে খোরাসান গ্রুপে যোগ দেন। দ্রুঁ বোমা তৈরিতে পারদর্শী ছিলেন।
দ্রুঁ সম্পর্কে যু্ক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল লয়েড অস্টিন বলেন, ডেভিড দ্রুঁ খোরাসান গ্রুপের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি সংগঠনটির ভয়ঙ্করতম সদস্যদের একজন।
তবে হামলায় দ্রুঁ মারা গেছেন কিনা সে ব্যাপারে কিছু জানাননি জেনারেল অস্টিন।
