২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে জন্ম ইসলামিক স্টেটের

২০০৯ সালের মার্চে ইরাকের কুয়েত সীমান্তের শহর গার্মায় যুক্তরাষ্ট্রের সেনাদের পরিচালিত ক্যাম্প বুকা কারাগার থেকে কয়েকশ বন্দিকে মুক্তি দেয়া হয়।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 02:46 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

ইরাকযুদ্ধে বন্দিদের এই কারাগারে রাখা হয়েছিল। এটি ছিল দেশটিতে স্থাপিত অন্যতম কুখ্যাত কারাগার।

কয়েক বছর পর কারো ছেলে, ভাই বা বাবা মুক্তি পাওয়ায় ওই পরিবারের সদস্যরা আনন্দে চিৎকার করে উল্লাস করছিলেন।

দি ইন্ডিপেন্ডেন্ট বলছে, কাছেই দাঁড়িয়ে থাকা এক পুলিশ কর্মকর্তা উদ্বিগ্নভাবে এসব দেখছিলেন। এসব কুখ্যাত জিহাদি বন্দিদের মুক্তি দেয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন স্থানীয় পুলিশ প্রধান সাদ আব্বাস মাহমুদ।

ওই সময় তিনি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক অ্যান্থনি শাদিদকে বলেছিলেন, “এই লোকেরা বাগানে ফুলের পরিচর্যা করেনি। তারা রাস্তায় রাস্তায় খেলা দেখিয়েও বেড়াবে না।”

মাহমুদ বলেছিলেন, মুক্ত এই বন্দিদের ৯০ শতাংশই আবার লড়াই শুরু করবে।

Image
আবু বকর আল-বাগদাদি

আবু বকর আল-বাগদাদি

“এই সমস্যাটি একই সঙ্গে অনেক বড় ও বিপজ্জনক আর দুঃখজনকভাবে ইরাকি সরকার ও কর্তৃপক্ষ জানে না সামনে এই সমস্য কতো বড় হয়ে দেখা দেবে।” ক্যাম্প বুকায় এক লাখ বন্দি ছিল। ওই ঘটনার কয়েক মাস পরই এই কারাগারটি বন্ধ করে দেয়া হয়। এর কিছুদিনের মধ্যেই মাহমুদের আশঙ্কা সত্য বলে প্রমাণিত হয়। এই ক্যাম্প বুকাকেই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে আতঙ্ক সৃষ্টিকারী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর সূতিকাগার হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইএস’র বেশিরভাগ নেতাই এই কারাগারটিতে বন্দি ছিলেন। আইএস’র প্রধান নেতা আবু বকর আল-বাগদাদির সঙ্গে অন্যান্য নেতাদের এই কারাগারেই পরিচয় ও ঘনিষ্ঠতা হয়েছিল বলে ধারণা করা হয়। ক্যাম্প বুকার কারাগার বন্দিদের জিহাদি হিসেবে তৈরি হতে এবং আসামীদের সঙ্গে সহযোগীতার প্রস্তুতির অনন্য ক্ষেত্র হয়ে উঠেছিল বলে জানিয়েছেন কারা কমান্ডার থেকে শুরু করে সেখানে মোতায়েন সেনারা ও বিশ্লেষকরা। এভাবেই বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী জঙ্গিগোষ্ঠীটি গড়ে উঠেছিল। আইএস’র শীর্ষ নয়জন কমান্ডারের সবাই এক সময় বুকায় বন্দি ছিলেন বলে জানিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন নিয়ে গবেষণাকারী গোষ্ঠী সউফান গ্রুপ। বাগদাদি এখানে পাঁচ বছর বন্দি ছিলেন। তিনি ছাড়া আইএস’র দ্বিতীয় শীর্ষ নেতা আবু মুসলিম আল-তুর্কমানি, জ্যেষ্ঠ সামরিক নেতা হাজি বকর (এখন মৃত), বিদেশি যোদ্ধাদের নেতা আবু কাসিম এখানে বন্দি ছিলেন।

বুকায় যখন তারা এসেছিলেন তারা সম্ভবত উগ্রপন্থি ছিলেন। কিন্তু যখন কারাগার থেকে বের হন, তখন তারা নিশ্চিতভাবেই উগ্রপন্থি হিসেবেই বের হয়েছেন।

সামরিক বিশেষজ্ঞ অ্যান্ড্রু থাম্পসন এবং অধ্যাপক জেরেমি সুরি বলেছেন, “কারাগারে প্রেরণের আগে, বাগদাদি ও অন্যান্যরা সহিংস উগ্রপন্থি ছিল। তারা মার্কিন স্বার্থে আঘাত করতে চাইতো।”

“কারাগারে থাকার সময় তাদের উগ্রপন্থা গভীরতর হয়ে উঠে এবং তারা অনুগামীর সংখ্যা বাড়ানোর সুযোগ পান। কারাগারটি সন্ত্রাসীদের অদৃশ্য বিশ্ববিদ্যালয় হয়ে উঠে। এখানে সবচেয়ে দৃঢ় উগ্রপন্থিরা অধ্যাপকের ভূমিকা পালন করে, অন্যান্য বন্দিরা পালন করে ছাত্রের ভূমিকা। আর কারাগার কর্তৃপক্ষ এই বিশ্ববিদ্যালয়ের অদৃশ্য পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করে,” চলতি মাসে নিউ ইয়র্ক টাইমকে বলেছেন তারা।