২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ফের সংঘর্ষ

হংকংয়ের ঘনবসতি এলাকা মংকং-এ নতুন করে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Nov 2014, 03:53 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

বৃহস্পতিবার ভোররাত ২টায় কয়েকশ প্রতিবাদকারীকে পুলিশ রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়।

হংকংয়ের যে তিনটি জায়গায় গণতন্ত্রপন্থিরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন মংকং তার একটি। দুই সপ্তাহের মধ্যে এই প্রথম আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটল।

বহু দাঙ্গা পুলিশ লাঠি ও ঢাল নিয়ে আন্দোলনকারীদের ঘিরে ধরে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। ধাক্কাধাক্কির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়।

আন্দোলকারীদের সঙ্গে ব্রিটিশ বিপ্লবী গুই ফওকেসের মুখোশ পরিহিত প্রায় ৩০ জন আন্দোলনকারীও ছিলেন।

৫ নভেম্বর গুই ফওকেস দিবস উপলক্ষে মুখোশ পড়ে আসা এসব আন্দোলনকারীরাও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই বিপ্লবীর মুখোশটি এখন বিশ্বব্যাপী পুঁজিবাদবিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে।

ছাত্রদের প্রতিবাদ থেকে সূত্রপাত হওয়া এ আন্দোলনের মূল দাবি অবাধ নির্বাচনের অধিকার।

অগাস্টে হংকং নিয়ন্ত্রণকারী চীনা কর্তৃপক্ষ ২০১৭ সালে নির্বাচনের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচনে অধিকার দেয়ার প্রস্তাব দেয়।

তবে বেইজিংয়ের মনোনীত ১২০০ সদস্যের “মনোনয়ন কমিটির” অনুমোদন পাওয়া দুই থেকে তিনজন প্রার্থী নির্বাচনে দাঁড়াতে পারবেন বলে শর্ত জুড়ে দেয়।

এতে ক্ষুব্ধ হংকংয়ের শিক্ষার্থীরা অবাধ নির্বাচনের দাবিতে প্রতিবাদ শুরু করে। পরে এই আন্দোলন ব্যাপকরূপ পায়। এক পর্যায়ে লাখো বিক্ষোভকারী রাস্তায় নেমে অবস্থান ধর্মঘট শুরু করলে অচল হয়ে পড়ে বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হংকং।

পরে আন্দোলনের গণজোয়ারে ভাটা পড়লেও দমে যাননি মূল আন্দোলনকারীরা। নিজেদের দাবিতে অটল থেকে আন্দোলন চালিয়ে গেছেন তারা, যাদের কেন্দ্রে রয়েছেন ছাত্র নেতারা।

বুধবার গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, হংকংয়ের ফেডারেশন অব স্টুডেন্টস’র সদস্যদের ১২শ’ সদস্যের প্রার্থী মনোনয়ন কমিটিতে আসন দেয়ার প্রস্তাব দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহির শীর্ষ উপদেষ্টা ও হংকংয়ের সাবেক নিরাপত্তা প্রধান রেজিনা লপ্।

অপরদিতে আন্দোলনকারীরা বৃহস্পতিবার তাদের আন্দোলনের নতুন পরিকল্পনা প্রকাশ করবেন বলে জানা গেছে।