২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে ফের গাড়ি হামলা, পুলিশ নিহত

জেরুজালেমে এক ফিলিস্তিনি চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের উপর গাড়ি তুলে দিলে এক ইসরায়েলি পুলিশ নিহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 10:11 AM

Updated : 25 Apr 2022, 04:55 PM

বুধবার শহরটির আল আকসা মসজিদ এলাকায় সংঘর্ষের কয়েক ঘন্টা পর এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় ১৩ জন আহত হয়েছেন বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন। ওই গাড়ির চালককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড জানিয়েছেন, গাড়ি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা জিদান আসাদ (৩৮) পুলিশের প্রধান পরিদর্শক ছিলেন, আর গাড়ি চালকের নাম ইব্রাহিম আল আকারি।

আকারি শহরের পূর্বদিকের শুয়াফাত শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

হামাস জঙ্গিরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন বলে জানা গেছে।

আকারির ফেইসবুক পেইজ থেকে তাকে হামাসের সদস্য বলে সনাক্ত করা হয়েছে। হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম বিগ্রেড তাকে তাদের সদস্য ও শহীদ বলে বর্ণনা করেছে।

দুই সপ্তাহ আগে একই এলাকায় একই ধরনের এক ফিলিস্তিনি গাড়ি হামলায় এক নারী ও এক শিশু নিহত হয়েছিলেন।

একই দিনের আরেকটি ঘটনায় পশ্চিমতীরের দক্ষিণাংশে ইসরায়েলি সেনাদের একটি দলের উপর গাড়ি তুলে দেয় আরেক ফিলিস্তিনি চালক। এতে তিন ইসরায়েলি সেনা আহত হন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ফিলিস্তিনি শরণার্থীদের একটি শিবিরের সামনে ঘটনাটি ঘটেছে।

এসব ঘটনাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাসের সৃষ্টি করা “উত্তেজনার” ফল বলে দাবী করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর আগে বুধবার সকালে আল আকসা মসজিদ প্রাঙ্গণের অমুসলিম দর্শনার্থীদের পরিদর্শন এলাকার প্রবেশ পথের কাছে বহু মুখোশধারী ফিলিস্তিনি প্রতিবাদকারী ইসরায়েলি পুলিশের দিকে পাথর ও পটকা ছোঁড়ে।

তাদের পাল্টা পদক্ষেপে প্রতিবাদকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল, এরপর ১৯৮০ সালে জেরুজালেমের এ অংশকে ইসরায়েলি রাষ্ট্রের অংশ বলে ঘোষণা করে। তবে তাদের এ পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক মহল।