২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুরকিনায় ক্ষমতা হস্তান্তর আলোচনায় এইউ

বুরকিনা ফাসোতে দ্রুত সেনা শাসনের অবসান চায় আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এ উদ্দেশ্যে দেশটি সফরে গেছেন ঘানা, নাইজেরিয়া ও সেনেগালের প্রেসিডেন্টরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 08:36 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

সামরিক শাসকদের চাপ দিয়ে দ্রুত দেশটির ক্ষমতা বেসামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করাই তাদের লক্ষ্য।

বুরকিনা ফাসোর অন্তবর্তীকালীন রাষ্ট্রপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আইজ্যাক জিদা বিমানবন্দরে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন ও ঘানার প্রেসিডেন্ট জন মাহামার সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই তিন প্রেসিডেন্ট সেনাবাহিনীর আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও বিরোধী জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এইউ’র পক্ষ থেকে বলা হয়, বুরকিনা ফাসোর সেনাবাহিনী প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরেকে শুক্রবার জোর করে পদত্যাগ করিয়ে দেশটির ক্ষমতা দখল করেছে। এভাবে ক্ষমতা গ্রহণ পুরোপুরি অসাংবিধানিক।

সোমবার এইউ সেনাবাহিনীকে দুই সপ্তাহের সময় বেঁধে দেয়। না হলে দেশটিতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়া হয়।

বিবিসি প্রতিনিধি ইমানুয়েল গাঞ্জা জানান, এই নিষেধাজ্ঞার মধ্যে এইউ থেকে বুরকিনা ফাসোর সদস্য পদ বাতিল করা ছাড়া সেনা কর্মকর্তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি রয়েছে।

মঙ্গলবার বিরোধী জোট ও আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর কর্নেল জিদা এইউ’র বেঁধে দেয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে দেয়ার অঙ্গীকার করেন।

জনতার সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ২৭ বছর ধরে বুরকিনা ফাসোর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট কমপাওরে। সংবিধান সংশোধন করে নিজের মেয়াদ আরো দীর্ঘায়িত করার উদ্যোগে কমপাওরের বিরুদ্ধে ফুঁসে ওঠে জনতা।

পদত্যাগের পর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলেন কমপাওরে। কিন্তু তার জায়গায় রাষ্ট্রের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার ঘোষণা দেন সামরিক বাহিনীর প্রধান জেনারেল হোনোরে ত্রাওরে।

পরে সেনাবাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ক্ষমতায় বসার আকাঙ্খা ত্যাগ করতে বাধ্য হন ত্রাওরে।

তার স্থানে প্রেসিডেন্ট গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিদাকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হয়।

তবে জিদাকেও মেনে নেয়নি বুরকিনা ফাসোর জনগণ। তার রাজধানী রাস্তায় বিক্ষোভ করতে শুরু করে। বিক্ষুব্ধ জনতার দাবি তারা আরেক সেনাকে ক্ষমতায় বসানোর জন্য কমপাওরেকে ক্ষমতা ছড়াতে বাধ্য করেননি।

১৯৮৭ সালে এক সেনাঅভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতা গ্রহণ করেছিলেন সেনা কর্মকর্তা কমপাওরে।