২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে আরো ৪ জন নিহত

সৌদি আরবে আশুরা পালনের সময় গুলি করে অন্ততপক্ষে আটজনকে হত্যার সঙ্গে জড়িত এক সশস্ত্র গোষ্ঠীর দুই সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2014, 03:47 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে এরা নিহত হন বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ও অপর দুজন আহত হয়েছেন।

বিবৃতির বরাত দিয়ে সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, রাজধানী রিয়াদের উত্তরের ছোট শহর বুরাইদায় বন্দুকযুদ্ধের এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ সন্দেহভাজনদের গ্রেপ্তার করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলিবর্ষণ করে। এতে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

বিবৃতিতে নিহত পুলিশ কর্মকর্তাদের নাম ক্যাপ্টেন মোহাম্মদ আল-ওনাইজি এবং কর্পোরাল তুর্কি আল-রশিদ বলে জানানো হয়েছে।

এর আগে সোমবার রাতে আল-আহসা জেলার আল-দালবা গ্রামে আশুরা পালনের সময় বন্দুকধারীদের মেশিনগান ও পিস্তলের গুলিতে অন্ততপক্ষে আটজন শিয়া মুসলিম নিহত হন।

দালবায় নিহতের সংখ্যা পাঁচজন থেকে পরে আটজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বারাষ্ট্র মন্ত্রণালয়। তবে এদের মধ্যে পাশের গ্রামে গাড়ির ভিতর গুলিবিদ্ধ হয়ে নিহত একজনকেও ধরা হয়েছে।

আল-আহসা ও পার্শ্ববর্তী আল-কাতিফ সুন্নি অধ্যুষিত সৌদি আরবের দুটি শিয়া অধ্যুষিত জেলা।

নিহত বন্দুকধারীরা আল-দালবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।