সন্ত্রাসী হামলার শঙ্কায় সতর্কতা কলকাতায়
সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশলাগোয়া এই রাজ্যের রাজধানী এবং বন্দর এলাকায় মঙ্গলবার এই সতর্কতা জারি করা হয়েছে বলে পিটিআই জানিয়েছে।
পশ্চিমবঙ্গের বর্ধমানে মাসখানেক আগের এক বিস্ফোরণ নিয়ে ভারত ও বাংলাদেশজুড়ে তোলপাড়ের মধ্যে কলকাতায় সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানাল গোয়েন্দারা।
এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে পিটিআই বলেছে, “আমরা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে খবর পেয়েছি, কলকাতায় বিশেষ করে বন্দর এলাকায় হামলা হতে পারে। আমরা বন্দর এলাকায় নিরাপত্তা বাড়িয়েছি এবং সারা শহরকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।”
ছোট ছোট নৌকায় করে এসে সন্ত্রাসীরা বন্দর এলাকায় হামলা চালাতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তারা আভাস দিয়েছেন।
২০০৮ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভয়াবহ হামলার সময় পাকিস্তান থেকে একদল জঙ্গি নৌকায় এসে অভিজাত হোটেলসহ কয়েকটি স্থানে হামলা চালায়, যা নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় ওঠে।
এদিকে এই সতর্কতা জারির মধ্যেই অজ্ঞাত ‘প্রক্রিয়াগত কারণ’ দেখিয়ে ভারতের নৌবাহিনীর খিদিরপুর বন্দর থেকে দুটি যুদ্ধজাহাজকে সাগরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
পিটিআইয়ের খবরে বলা হয়, উন্মুক্ত প্রদর্শনীর জন্য নৌবাহিনীর যুদ্ধাজাহাজ আইএনএস খুক্রি ও আইএনএস সুমিত্রার আগামী ৭ নভেম্বর পর্যন্ত ওই ঘাটে অবস্থানের কথা ছিল। কিন্তু এখন আর তা হচ্ছে না।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্কতার কারণে ওই জাহাজ দুটিকে সরিয়ে নেওয়া হয়েছে কি না- জানতে চাইলে ডিফেন্স সিপিআরও গ্রুপ ক্যাপ্টেন টি কে সিংহ বলেন, “না। এটার সঙ্গে সন্ত্রাসী হামলার কোনও সতর্কতার সম্পর্ক নেই। নিছক প্রক্রিয়াগত কারণেই ওই জাহাজ দুটিকে প্রত্যাহার করা হয়েছে।”
পরে প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সংক্ষিপ্ত সময়ের নির্দেশ পালনে পারদর্শিতা দেখানোর জন্য আইএনএস খুক্রি ও আইএনএস সুমিত্রাকে সোমবার খিদিরপুর ঘাটে ভেড়ার পরপরই মঙ্গলবার পূর্বাঞ্চলীয় নৌ সদর দপ্তরের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে শুক্রবার নোঙ্গর করে রাখার কথা ছিল ওই জাহাজ দুটির।
