ইউক্রেইনে বিদ্রোহী ভোটের পর পোরোশেঙ্কোর হুমকি
পূর্ব ইউক্রেইনের দোনেস্ক ও লুহান্সককে বিশেষ মর্যাদা দেয়ার প্রশ্নে ৫ সেপ্টেম্বরে যুদ্ধবিরতি চুক্তির আওতায় সম্মত একটি আইন বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো।
পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিদ্রোহীদের অনুষ্ঠিত ভোট পুরো শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে নিরাপত্তা প্রধানদের সঙ্গে সঙ্কটকালীন জরুরি বৈঠক ডেকেছেন পোরোশেঙ্কো।
সোমবার দিনশেষে টিভিতে এক ভাষণে পোরোশেঙ্কো বলেছেন, তিনি মঙ্গলবার ইউক্রেইনের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের বৈঠকে বসবেন। বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিশেষ স্ব-শাসিত সরকার ব্যবস্থা মঞ্জুরকারী আইন বাতিল করার প্রস্তাব এ বৈঠকেই দেবেন তিনি।
২ নভেম্বরে দোনেস্ক এবং লুহান্সকে অনুষ্ঠিত রুশপন্থি বিদ্রোহীদের নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে পোরোশেঙ্কো বলেন, এ নির্বাচন কখনোই বৈধ বলে স্বীকৃতি পাবে না।
পূর্ব ইউক্রেইনের ওই দুই অঞ্চলে গত রোববারের নির্বাচনে দুই রুশপন্থি নেতা নির্বাচিত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী ইউক্রেইনের ওই দুই অঞ্চলে ভোট হওয়ার কথা ছিল ডিসেম্বরে।
পশ্চিমারা বিদ্রোহীদের এ নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়েছে। তবে রাশিয়া তাদেরকে সমর্থন দিয়েছে।
পূর্ব ইউক্রেইনে গত এপ্রিল থেকে লড়াইয়ে ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইউক্রেইন বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়া এবং সীমান্তে সেনা সমাবেশের জন্য রাশিয়াকে দোষারোপ করেছে। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।
