২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ছুরি হামলায় ৩ বছরের শিশু নিহত

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াঙসুতে এক ব্যক্তির ছুরি হামলায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চার বছরের আরেক শিশু আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2014, 03:51 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

মঙ্গলবার জিয়াঙসু’র শুঝোউ শহরের কাছের ল্যাঙগুদুন গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

সম্প্রতি শিশুদের ওপর শুরু হওয়া ছুরি হামলার এটি সর্বশেষ ঘটনা।

হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ল্যাঙগুদুনে সে একটি কুড়াল ও একটি চাপাতি নিয়ে প্রবেশ করেছিল বলে জানা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে শিশুদের ওপর আক্রমণের ঘটনা বেড়েছে। এতে দেশজুড়ে ছড়িয়েপড়া উদ্বেগের মুখে স্কুলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ব্যক্তিগত আক্রোশ বা মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিরাই শিশুদের ওপর হামলা চালাচ্ছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

গত সপ্তাহে জিয়াঙজি প্রদেশে ছুরিকাঘাতে এক ছাত্রকে হত্যা ও অপর দুজনকে গুরুতর আহত করা হয়েছিল।

এরআগে সেপ্টেম্বরে গুয়াঙশি’তে অপর এক ব্যক্তির ছুরি হামলায় চার শিশু নিহত হয়েছিল।

একই মাসে হুবাই প্রদেশে এক ব্যক্তি একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ছাত্র ও শিক্ষকদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিন শিশু নিহত ও আরো ছয়জন আহত হন।