২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াগা সীমান্তের সামরিক অনুষ্ঠান বহাল

পাকিস্তানের ওয়াগা সীমান্তে আত্মঘাতী বোমা হামলায় বহু লোক নিহত হওয়া সত্বেও প্রতিবেশী ভারতের সঙ্গে একমাত্র সীমান্ত ক্রসিংয়ে দুই দেশের প্রতিদিনকার সামরিক অনুষ্ঠান বন্ধ করা হয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 01:30 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

সোমবার বিবিসি জানিয়েছে, সীমান্ত অনুষ্ঠান বন্ধ রাখার পরিকল্পনা করা হলেও পাকিস্তান সেনাবাহিনী বলছে, সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখার আকাঙ্ক্ষায় অনুষ্ঠান বন্ধ রাখার পরিকল্পনা বাদ দেয়া হয়েছে।

ওয়াগার পাকিস্তানি সীমান্ত চৌকিতে চালানো ওই বোমা হামলায় অন্ততপক্ষে ৫৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর পাঞ্জাব কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নাভিদ জামান বলেছেন, “সোমবারের সীমান্ত অনুষ্ঠানে লোকজন উপস্থিত থেকে বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদ জাতীর মনোবলে ভাঙন ধরাতে পারবে না।”

ভারতীয় সেনারাও তাদের এলাকায় প্রতিদিনের মতো ওই সামরিক কুচকাওয়াজ ও পতাকা নামানোর অনুষ্ঠানটি করেছেন।

পাকিস্তান অংশে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন এবং উৎফুল্ল চিৎকারে তারা অনুষ্ঠান উপভোগ করেন। তবে ভারতীয় অংশে কোনো দর্শক উপস্থিত ছিলেন না।

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম ওয়াগা সীমান্তের দর্শনীয় এই সামরিক কুচকাওয়াজ বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অসীম বাজওয়াল এক ট্যুইটে লিখেছেন, “ওয়াগা সীমান্তে পতাকা নামানোর অনুষ্ঠানটি একই মেজাজে সম্পন্ন হয়েছে- এতে জাতীর সিদ্ধান্তের প্রকাশ ঘটেছে।” প্রতিদিন সূর্যাস্তের সময় দেশদুটির ওয়াগা সীমান্তে বর্ণিল এই সামরিক অনুষ্ঠানটি করা হয়। আর সীমান্তের উভয়পাশের গ্যালারিতে বসে উৎফুল্ল দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানে দুই দেশের সীমান্তরক্ষীরা পুরো আনুষ্ঠানিক পোশাকে সজ্জিত হয়ে বড় বড় পদক্ষেপ ফেলে নাটকীয় ভাবে পরস্পরকে অতিক্রম করে গিয়ে যান। এ সময় সীমান্ত চৌকি থেকে তারা নিজ নিজ দেশের পতাকা নামান। এরপর স্যালুটের পর পরস্পরের করমর্দন করে নিজ নিজ সীমান্ত দরজাগুলো সজোরে লাগিয়ে দেন তারা।