স্বেচ্ছা-মৃত্যুতে জীবনের ইতি টানলেন মার্কিন নারী
ক্যান্সারের যন্ত্রণা থেকে বাঁচতে আত্মহননের সিদ্ধান্ত জানিয়ে ইউটিউবে ভিডিও ছড়িয়ে স্বেচ্ছা-মৃত্যু নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দেয়া ২৯ বছরের মার্কিন নারী ব্রিটানি মেনার্ড শেষমেশ জীবনের ইতি টেনেছেন।
মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন মেনার্ড। তার ভালো হওয়ার সম্ভাবনাও শেষ হয়ে গিয়েছিল। শনিবার তিনি স্বেচ্ছা-মৃত্যু বরণ করেন।
গত জানুয়ারিতে ব্রিটানি ছয় মাস বাঁচবেন বলে জানিয়ে দিয়েছিলেন ডাক্তাররা। ক্যান্সার ধরা পড়ার কিছুদিন আগেই বিয়ে করেছিলেন তিনি।পরে স্বামীকে নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে চলে যান অরিগ্যনে। যুক্তরাষ্ট্রের এ রাজ্যে ইচ্ছা-মৃত্যুর অধিকার আছে।
১৯৯৭ সাল থেকে অরিগ্যনে স্বেচ্ছা-মৃত্যু বৈধ। আইন অনুযায়ী, রাজ্যটির দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাসিন্দারা স্বেচ্ছা-মৃত্যু বরণ করতে চাইলে চিকিৎসকরা ব্যবস্থাপত্রে বিষাক্ত ওষুধ দিতে পারেন।
১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত ১,১৭৩ জনকে ব্যবস্থাপত্রে বিষাক্ত ওষুধ দেয়া হয়েছে এবং ৭৫২ জন এ ওষুধ ব্যবহার করে স্বেচ্ছায় মৃত্যু বরণ করেছেন।
স্বেচ্ছা-মৃত্যুর অধিকারের পক্ষে কাজ করছে এমন একটি সংগঠনের একজন মুখপাত্র বলেন, “তিনি (মেনার্ড) তার প্রিয় মানুষদের পাশে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।”
ক্যান্সারের কারণে ২৯ বছর বয়সী মেনার্ডের মাথা ও ঘাড়ে প্রচণ্ড ব্যাথা হত। এমনকি তিনি কথাও বলতে পারতেন না।
মাসের পর মাস চিকিৎসার শেষে তার আর বাঁচার আশা নেই বলে জানানোর পরই মেনার্ড স্বেচ্ছা-মৃত্যুর সিদ্ধান্ত নেন। বেশ কয়েক মাস আগেই তিনি তার চিকিৎসককে বিষাক্ত ওষুধ দিতে বলেন এবং ‘সঠিক সময়ের অপেক্ষা করতে থাকেন’। মৃত্যুর সময় করা এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন মেনার্ড।
গত সপ্তাহে পোস্ট করা ভিডিও বার্তায় মেনার্ড বলেন, “আমি এখনো ভাল বোধ করছি। এখনো পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ করছি এবং হাসছি। যদিও এর অর্থ এই নয় যে, এখনো সঠিক সময় আসেনি।”
“এটা আসবে, কারণ আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছি।”
মেনার্ডের ভিডিওটি ইন্টারনেটে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে। ইউটিউবে ৯০ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখে।
