আইএস’র উপর কানাডার প্রথম হামলা
অক্টোবরে ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপর বিমান হামলা অভিযানে যোগ দেয়ার পর প্রথম বারের মতো জঙ্গিগোষ্ঠীটির অবস্থানের উপর হামলা চালিয়েছে কানাডীয় জঙ্গি বিমান।
রোববার এ খবর জানিযেছেন কানাডার প্রতিরক্ষমন্ত্রী রব নিকলসন।
এক বিবৃতিতে নিকলসন জানিয়েছেন, ওই দিন ইরাকের ফাল্লুজা শহরের কাছে চার ঘণ্টার এক অভিযানে কানাডার দুটি সিএফ-১৮ যুদ্ধবিমান অংশ নিয়েছে।
অভিযানে বিমানগুলো আইএস জঙ্গিদের অবস্থানের উপর লেসার নিয়ন্ত্রিত বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, “আজকের হামলায় মিত্রদের সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদের হুমকি নিয়ন্ত্রণে আমাদের সরকারের দৃঢ় মনোভাব প্রকাশ পেয়েছে।”
মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
অক্টোবরের প্রথমদিকে কানাডার রক্ষণশীল সরকার ঘোষণা করেছিল, ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় কানাডার যু্দ্ধবিমানগুলোও অংশগ্রহণ করবে।
সরকারের ওই ঘোষণার পর একমাসে কানাডায় সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যক্তিদের বিচ্ছিন্ন উদ্যোগে দেশটির সেনা সদস্যদের উপর হামলা চালানো হয়। এ ধরনের দুটি ঘটনায় দুজন সেনা নিহত হন।
২২ অক্টোবর কানাডার রাজধানী অটোয়ায় ওয়ার মেমোরিয়ালে গুলি করে পাহারারত এক সেনাকে হত্যা করে এক উগ্রপন্থী। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আগে কানাডার পার্লামেন্ট ভবনে প্রবেশ করে গুলিবর্ষণ করে এই হামলাকারী।
এর মাত্র দুদিন আগে অপর এক উগ্রপন্থী মন্ট্রিলে দুজন সেনার ওপর দিয়ে নিজের গাড়ি চালিয়ে দিলে এক সেনা নিহত হন। এখানেও নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ওই হামলাকারী।
