২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোবানিতে ইরাকি কুর্দিদের লড়াই শুরু

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে কোবানিতে প্রতিরোধ লড়াই শুরু করেছে ইরাকের কুর্দি পেশমেরগা যোদ্ধারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

আইএস জঙ্গিরা ৪০ দিনেরও বেশি সময় ধরে সিরিয়ার এ শহরটি অবরুদ্ধ করে রেখেছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্রবাহিনীর বিমান হামলার সহায়তায় সিরিয়ার কুর্দিরা প্রাণপন যুদ্ধ করে আইএসকে কোবানির নিয়ন্ত্রণ নিতে দিচ্ছে না।

কিন্তু নতুন যোদ্ধা, ভারী অস্ত্র ও রসদের অভাবে কোবানি প্রতিরোধ যুদ্ধ দিন দিন কঠিন হয়ে পড়ছিল।

পেশমেরগা বাহিনী ভারী অস্ত্রশস্ত্রসহ প্রতিরোধ যুদ্ধে যোগ দেয়ায় আবারো আশার সঞ্চার হয়েছে।

কোবানির পররাষ্ট্র বিষয়ক উপ-মন্ত্রী ইদ্রিস নাসান রয়টার্কে বলেন, “পেশমেরগা বাহিনী শনিবার মধ্যরাত থেকে আইএস বিরোধী যুদ্ধে যোগ দিয়েছে। তারা দূর-পাল্লার কামান ব্যবহার করছে। অস্ত্রটি এই মুহূর্তে একেবারে যথাযথ এবং এটা যুদ্ধে বড় ধরনের ব্যবধান তৈরি করেছে।”

“আমাদের কামান ছিল না। আমরা মর্টার এবং স্থানীয়ভাবে তৈরি অস্ত্র ব্যবহার করছিলাম। এখন কামান নিয়ে যুদ্ধ অবশ্যই দারুণ ব্যাপার।”

নতুন শক্তি নিয়ে যুদ্ধে কুর্দি বাহিনীর কতটুকু অগ্রগতি হয়েছে সেটা সঠিকভাবে জানানি নাসান। সেটি এই মুহূর্তে সম্ভব নয় বলেও মত বিশেষজ্ঞদের।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত দুই দিনের তুলনায় রোববার ভোরের দিকে লড়াই অনেক বেশি বেগবান হয়েছে।