কেনিয়ায় স্থানীয় নৃগোষ্ঠির হামলায় ৭ পুলিশ নিহত
কেনিয়ার উত্তরাঞ্চলীয় তুরকানা প্রদেশ স্থানীয় নৃগোষ্ঠির সদস্যদের হামলায় অন্তত সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবারের এ ঘটনায় আরো ১৭ পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন বলে প্রকাশিত সংবাদ সূত্রে জানিয়েছে বিবিসি।
ওই দিন তুরকানা’য় এক অভিযানে গিয়ে স্থানীয় নৃগোষ্ঠির সদস্যদের গুপ্ত হামলার শিকার হয় পুলিশ।
নিখোঁজ পুলিশ সদস্যদের খুঁজে বের করতে সেনা হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্ট্যান্ডার্ড ডিজিটাল সংবাদপত্র। নিখোঁজদের মধ্যে পুলিশের রিজার্ভ বাহিনীর সদস্যও রয়েছেন।
কেনিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রদেশ তুরকানা দেশটির সবচেয়ে পিছিয়ে পড়া অনুন্নত অঞ্চল।
ওই এলাকার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং পুলিশ মহাপরিদর্শককে ওই এলাকা পরিদর্শনে না যেতে বলা হয়েছে বলে জানিয়েছে তুরকানা পুলিশ।
গত সপ্তাহে একই এলাকায় অপর একটি হামলার ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল স্থানীয় সংবাদপত্রগুলো।
