২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার ভূমিধসে নিহতের সংখ্যা কমিয়ে ৩৮ নির্ধারণ

শ্রীলঙ্কার একটি চা বাগানে ভূমিধসের ঘটনায় নিখোঁজ বা নিহতের সংখ্যা কমিয়ে ৩৮ জন নির্ধারণ করেছে উদ্ধার অভিযানরত দলগুলো।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 01:33 PM

Updated : 25 Apr 2022, 04:54 PM

গত বুধবার সকালের এই দুর্যোগে তিন কিমি লম্বা একটি পুরো গ্রামের সব বাড়িঘর চাপা পড়ার পর প্রাথমিকভাবে ৩০০ জন নিহত হওয়ার কথা বলেছিল কর্তৃপক্ষ।

কর্মকর্তারা বলেছিলেন, কয়েকটি পরিবারের সব সদস্য ভূমিধসে চাপা পড়েছেন।

পরে নিহতের সংখ্যা ১০০ জন বলে জানিয়েছিলেন দেশটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রী।

দুর্ঘটনার আগেই অনেকে কাজে চলে যাওয়ায় ও অনেক শিশু স্কুলে থাকায় হতাহতের সংখ্যা নিয়ে প্রাথমিক বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

উদ্ধারকর্মীরা লাশের খোঁজে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন। সেনা সদস্যরা খননযন্ত্র ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে লাশের খোঁজ করছেন।

ব্যাপক প্রচেষ্টা সত্বেও এ পর্যন্ত মাত্র ছয়টি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকীরা এখনো নিখোঁজ রয়েছেন। তারা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কয়েকদিনের ভারী বৃষ্টিপাতজনিত কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরও বৃষ্টিপাত অব্যাহত থাকায় ওই এলাকায় আরো ভূমিধসের সতর্কতা জারি করেছিল সরকার। বৃষ্টির কারণে ধারাবাহিকভাবে উদ্ধার কাজ চালিয়ে যাওয়াও সম্ভব হয়নি।

রাজধানী কলম্বো থেকে ২শ’ কিমি পূর্বে হালদুম্মুল্লাহ শহরের কাছের মীরিয়াবেদ্দা চা বাগানে এই দুর্যোগের ঘটনাটি ঘটে।

ভারী বৃষ্টিপাতে পাহাড়ের একটি অংশ ধসে পড়লে চা বাগানের শ্রমিকদের বাড়িঘর ৩০ ফুট কাঁদামাটির নিচে চাপা পড়ে।

সাম্প্রতিক এই ধারাবাহিক বৃষ্টিপাতে শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, দেশটির বেশ কয়েকটি জাতীয় সড়ক বৃষ্টিজনিত হঠাৎ বন্যায় ভেসে গেছে।

জুনে, ভারী মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের অপর একটি ঘটনায় দেশটিতে ২২ জন নিহত হয়েছিলেন।