২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাগ বিলাওয়াল ভাগ’

লন্ডনে কাশ্মির নিয়ে প্রবাসী পাকিস্তানিদের আয়োজিত এক মিছিলপূর্ব সমাবেশে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 02:58 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

কাশ্মিরে ‘ভারতের মানবাধিকার লঙ্ঘণ’র প্রতিবাদে রোববার মিলিয়ন মার্চ নামে ওই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল যুক্তরাজ্যপ্রবাসী পাকিস্তানিরা।

আয়োজকরা ১০ লাখ প্রতিবাদকারী জড়ো করার লক্ষ্য নির্ধারণ করলেও তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রতিবাদ মিছিলে দুই হাজারের মতো মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের ১০ ডাউনিং স্ট্রিটে গিয়ে শেষ হয়।

ট্রাফালগারের সমাবেশ মঞ্চে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল উপস্থিত হলে সমাবেশে উপস্থিত পাকিস্তানিরা তার দিকে প্লাস্টিকের বোতল, জুতা ও পানীয়ের ক্যান ছুঁড়ে মারে।

উপস্থিত লোকজন বিলাওয়াল ও তার পিতা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে স্লোগান দেয়।

তাদের প্রতিবাদ মঞ্চকে বিলাওয়াল তার রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন, এমন ধারণা থেকে সমাবেশে আগতরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এমন বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়ে বিলাওয়াল দ্রুত মঞ্চ ত্যাগ করেন। এরপরই উপস্থিত লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে ‘#ভাগবিলাওয়ালভাগ’ ট্যুইট করা শুরু করেন। পিপিপি’র নেতা রেহমান মালিক দাবি করেছেন, প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি প্রকাশ ও কাশ্মিরের বিষয়ে প্রতিবাদে নিজের কণ্ঠ মেলাতে ওই প্রতিবাদ সমাবেশ ও মিছিলে যোগ দিতে লন্ডন গিয়েছিলেন বিলাওয়াল। ঘটনা তদন্তের জন্য তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছেন।