ওয়াইফাই ঠেকাতে লাখ টাকা ব্যয়
জীবনমানের উন্নয়নে বিশ্বব্যাপী মোবাইল-ওয়াইফাই সুবিধা ছড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা চললেও এসব প্রযুক্তির ক্ষতি থেকে বাঁচতে লাখ লাখ টাকা খরচ করেছেন এক বৃদ্ধা।
‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ওয়াই-ফাই এবং শব্দ তরঙ্গের তেজস্ক্রিয়তা থেকে নিজের বাড়িকে রক্ষা করতে চার হাজার পাউন্ড ব্যয় করেন ৭২ বছর বয়সী স্টেফানি রাসেল। যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্সের স্টেইনিংয়ে নিজের ঘরের দেয়ালে তেজস্ক্রিয়ারোধী রঙের প্রলেপ লাগিয়েছেন তিনি।
মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসের সংস্পর্শে এলে তীব্র মাথাব্যথায় ভোগার কারণে ওই বৃদ্ধা এ নিয়ে বিশেষজ্ঞদের দ্বারস্ত হন। নিজের কক্ষে যেন কোনও অযাচিত ওয়াই-ফাই নেটওয়ার্ক প্রবেশ করতে না পারে সেজন্য তেজস্ক্রিয়তা-নিরোধক রঙের প্রলেপ দেন ঘরের দেয়ালে।
‘ব্রাইটন আরগাস’ পত্রিকাকে ওই নারী বলেন, “মোবাইল, ওয়াই-ফাই এর কাছাকাছি এলেই আমি অসুস্থ্ হয়ে যাচ্ছিলাম। অনেক চিকিৎসায়ও কোনও সুফল পাচ্ছিলাম না। ইন্টারনেট ও ই-মেইল আমার জন্য মোটেও নিরাপদ ছিল না।”
‘ইলেট্রো সেনসিটিভিটি’ রোগের কারণে মাথা ব্যথায় ভুগছিলেন রাসেল। পরে নিজের শোয়ার ঘরের দেয়ালে চার স্তরের তেজস্ক্রিয়তারোধী রঙের প্রলেপ লাগান তিনি।
“বাড়ির ভেতরে-বাইরে রং দেয়ার কাজ প্রায় শেষের পথে। আমি এখন বেশ ভাল বোধ করছি”, বলেন রাসেল।
