২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে সক্রিয় হলেন বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল

নিজ দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পুনরুজ্জীবনের জন্য লড়াই করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Oct 2014, 04:50 PM

Updated : 25 Apr 2022, 04:50 PM

শনিবার করাচিতে লাখো মানুষের এক সমাবেশে এ কথা বলেন তিনি। ভাষণে কাশ্মীরকে পাকিস্তানের অংশ বানানোর অঙ্গীকারও করেন।

পাকিস্তানের বন্দর শহরে অনুষ্ঠিত পিপিপি’র এ সমাবেশের মধ্য দিয়ে ভুট্টো পরিবারের নবীন প্রতিনিধি ২৬ বছর বয়সী বিলাওয়ালের রাজনৈতিক জীবন শুরু হল বলে মনে করা হচ্ছে।

সমাবেশে পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল বলেন, “আমাদের ক্ষমতার উৎস জনগণ। আপনারা যদি পাকিস্তানকে রক্ষা করতে চান, তার একমাত্র জবাব হল ভুট্টোইজম এবং পিপিপি।”

সমাবেশটিতে এক লাখ ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিরোধী নেতা হিসেবে বিলাওয়ালের আবির্ভাব প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য আলাদা চাপ হয়ে দেখা দেবে বলে মনে করছেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা।

বিরোধী নেতা ইমরান খান ও তাহির উল কাদরির কয়েক সপ্তাহের সরকার বিরোধী আন্দোলনে ইতোমধ্যেই রাজনৈতিকভাবে দুর্বল হয়ে আছেন নওয়াজ।

সাত বছর আগে রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে গুলি ও বোমা হামলার শিকার হয়ে বিলাওয়ালের মা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হয়েছিলেন।

এর আগে ১৯৭৯ সালে বিলওয়ালের নানা পিপিপি’র প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোকে সামরিক সরকার ফাঁসি দিয়েছিল। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত পাকিস্তানের গত পিপিপি সরকারের শাসনামলে তারা বাবা আসিফ জারদারি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন।