‘বিপজ্জনক পদার্থ’: অস্ট্রেলিয়ার নৌঘাঁটি তালাবদ্ধ
নিয়মিত তল্লাশির সময় “বিপজ্জনক বস্তুর” সন্ধান পাওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ ঘাঁটি তালাবদ্ধ করে দেয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, এইএমএএস সেরবেরাস ঘাঁটির একটি আবাসিক এলাকায় ওই সব পদার্থ পান নৌবাহিনীর কর্মীরা।
ঘাঁটির চারদিকে ৪০০ মিটার এলাকা চিহ্নিত করে সেটিকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ৩০ বছর বয়সী এক নাবিককে গ্রেপ্তার করা হয়েছে।
পরে পুলিশ জানিয়েছে, ওই পদার্থগুলো থেকে “আশু বিপদের কোনো আশঙ্কা নেই”।
বোম রেসপন্স ইউনিট এবং বিস্ফোরক স্কোয়াড পদার্থগুলো পরীক্ষা করে দেখছে বলে জানা গেছে।
তবে ভিক্টোরিয়ার পুলিশ প্রধান নেইল প্যাটারসন বলেছেন, পদার্থগুলোকে বিস্ফোরক বলে মনে হচ্ছে না।
ঘাঁটির নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল আছে এবং এ ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগ নেই বলে জানিয়েছে তিনি।
“পদার্থগুলোর ধর্মানুযায়ী এখানে আশু কোনো হুমকি নেই, ঘটনাস্থলের কারো প্রাণনাশেরও আশঙ্কা নেই,” বলেন তিনি।
“পদার্থগুলো সাধারণভাবে ওই এলাকার ব্যারাকে পাওয়া যাওয়ার কথা না” এবং এগুলোকে “বিপজ্জনক” বিবেচনা করে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
এইচএমএএস সেরবেরাস নৌঘাঁটিটি মেলবোর্ন থেকে ৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে ক্রিব পয়েন্টে অবস্থিত। এখানে একসঙ্গে ৮শ’ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়ার মতো সুযোগ-সুবিধা আছে।
