২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোবানি থেকে ‘পিছু হটছে’ আইএস

তুর্কি সীমান্তবর্তী সিরীয় শহর কোবানির কয়েকটি এলাকা থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা পিছু হটেছে বলে দাবি করেছেন এক কুর্দি কর্মকর্তা।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 01:12 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

ইদ্রিস নাসান নামের ওই কুর্দি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে আইএস কোবানির দখলকৃত এলাকার ২০ ভাগের নিয়ন্ত্রণ হারিয়েছে। আইএস’র বিরুদ্ধে কুর্দি প্রতিরোধ বাহিনী ওয়াইপিজি ফোর্স প্রাধান্য বিস্তার করছে বলে দাবি করেছেন তিনি। তিনি বলেন, “সম্ভবত কয়েকদিনে আইএস কোবানি শহরের প্রায় ৪০ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছিল। কিন্তু এখন শহরের ২০ শতাংশেরও কম এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে।” “আজ কোবানির পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশে অভিযান চালাবে ওয়াইপিজি।” এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, কোবানির আশপাশে ও শহরটির দখলকৃত অংশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় “কয়েকশ” জঙ্গি নিহত হয়েছেন। তবে এরপরও আইএস’র কাছে কোবানির পতনের আশঙ্কা রয়েই গেছে। “কোবানি দখল করতে চাওয়ার বিষয়টি গোপন করছে না আইএসআইএল (আইএস)। এ কারণে কোবানিতে যোদ্ধা পাঠিয়েই যাচ্ছে তারা,” বলেন তিনি। আইএস’র সঙ্গে লড়াইয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন অ্যালেন বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের সহায়তার বিষয়টি বিবেচনায় রেখেই বিমান হামলার ছক কষা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী মঙ্গল ও বুধবার কোবানির কাছে আইএস’র অবস্থানের ওপর ১৮ দফা বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ১৬টি ভবনে আঘাত করে আইএস’র যুদ্ধাবস্থান ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে। কুর্দি প্রতিরোধ যোদ্ধারা কোবানিতে প্রায় এক মাস ধরে আইএস জঙ্গিদের ত্রিমুখী হামলার মধ্যে অবরুদ্ধ হয়ে আছে।