উত্তর প্রদেশে ভারি বৃষ্টিপাতে ১৮ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারি বৃষ্টিপাতে মানুষের মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার রাজ্য সরকারের এক মুখপাত্র ১৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
বৃষ্টিতে রাজ্যটির পূর্বাঞ্চলে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে ও ফসলের ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত বুধবার কমে এলেও রাজ্যের প্রধান শহর লক্ষ্ণৌর অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং বেশ কিছু এলাকা পানির নিচে তলিয়ে গেছে।
আবহাওয়া কর্মকর্তা বলছেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ দিন অক্টোবর মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।
এর আগে লক্ষ্ণৌতে অক্টোবর মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১ মিলিমিটার। আর মঙ্গলবার সেই রেকর্ড ছাড়িয়ে বৃষ্টি হয়েছে ৬১ দশমিক ১ মিলিমিটার।
ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবেই এত বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।
