২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোবানি পাহাড়ের দখল নিল কুর্দিরা

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে লড়াইরত কুর্দি যোদ্ধারা জানিয়েছে, তারা তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্তবর্তী কোবানি শহরের পশ্চিমে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি পহাড়ের চূড়া পুনর্দখল করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 07:35 PM

Updated : 25 Apr 2022, 04:49 PM

মঙ্গলবার সকালে ‘কুর্দিস পপুলার প্রটেকশন ইউনিটস’ (ওয়াইপিজি) জানায়, তারা ‘তাল শাইর’ পাহাড়ের চূড়া ফের দখলে নিয়েছে।এছাড়া, কোবানির পূর্ব ও দক্ষিণে প্রচণ্ড যুদ্ধ চলছে।

কুর্দি অধ্যুষিত শহর কোবানি দখল করার চেষ্টায় আছে আইএস। শহরের দখল নিতে তুরস্ক সীমান্তবর্তী তাল শাইর পাহাড় ভৌগলিক দিক থেকে গুরুত্বপূর্ণ।

১০ দিন আগে পাহাড়টির দখল নিয়েছিল আইএস জঙ্গিরা। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর ব্যাপক বিমান হামলার পর কুর্দি যোদ্ধারা সেখান থেকে আইএসকে তাড়িয়ে দিতে সক্ষম হয়।

ওদিকে, মঙ্গলবার বিকালে ওয়াশিংটনে ২০টিরও বেশি দেশের সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। বৈঠকে আইএস জঙ্গিদের সঙ্গে ইরাক ও সিরিয়ার যুদ্ধকৌশল নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

গত মাসে আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী গঠনের পর এই প্রথম এতগুলো দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসছেন।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে কোবানি শহরের চারপাশে এবং ভেতরে আইএস লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে জোট বাহিনী। যা কুর্দি যোদ্ধাদের আইএস আগ্রাসন রুখতে সহায়তা করছে।

যদিও তুরস্ক ও পশ্চিমা বিশ্বের নেতাদের আশঙ্কা, এখনো যেকোনো মুহূর্তে কোবানির পতন হতে পারে।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, কোবানিতে আইএস জঙ্গিরা তিনটি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

একজন আত্মঘাতী বোমা হামলাকারী শহরের উত্তরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উড়িয়ে দেয়। পূর্বদিকে প্রধান পুলিশ স্টেশন ও সরকারি কার্যালয়গুলো যে এলাকায় সেখানে দ্বিতীয় হামলাটি চালানো হয়। উত্তর-পূর্বে ওয়াইপিজিকে লক্ষ্য করে তৃতীয় হামলাটি করা হয়।

আইএস জঙ্গিরা এখনো কোবানির অর্ধেক দখল করে রেখেছে বলে জানিয়েছে সংগঠনটি। প্রাণ বাঁচাতে শহরের এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ পালিয়ে গেছে।