রুশ হ্যাকারদের খপ্পরে নেটো, ইউক্রেইন ওয়েবসাইট
নেটো, ইউক্রেইন ও কয়েকটি পশ্চিমা কোম্পানির দাপ্তরিক ওয়েবসাইট হ্যাক করে গুপ্তচরবৃত্তির জন্য মাইক্রোসফট উইন্ডোজে ভাইরাস ছেড়েছে রাশিয়ান হ্যাকাররা।
সাইবার গোয়েন্দা প্রতিষ্ঠান ‘আইসাইট পার্টনার্স’ রোববার এ তথ্য জানিয়েছে।
হ্যাকাররা পশ্চিমা জ্বালানি ও টেলিযোগাযোগ কোম্পানি, নেটো, ইইউ ও ইউক্রেইনের ওয়েবসাইটগুলো থেকে ইউক্রেইন সঙ্কট, কূটনৈতিক তৎপরতা, জ্বালানি ও টেলিযোগাযোগ সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করছে বলে ধারণা করছে আইসাইট।
তবে কী ধরনের তথ্য তারা পেয়েছে তা জানাতে পারেনি সাইবার সংগঠনটি।
প্রায় পাঁচ বছর ধরে সাইবার জগতে গোয়েন্দাগিরি চালাচ্ছে ‘সেন্ডওয়ার্ম টিম’ নামের ওই রুশ হ্যাকার দল। গত অগাস্ট থেকে রুশ হ্যাকাররা মাইক্রোসফটের উইন্ডোজকে আয়ত্বে এনে পছন্দের ওয়েবসাইটগুলোতে নজরদারির চেষ্টা শুরু করেছে বলে জানায় আইসাইট।
বিষয়টি ইতোমধ্যেই সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটকে জানানো হয়েছে এবং তারা হ্যাকিং প্রতিরোধে কাজ শুরু করেছে বলেও দাবি তাদের। মাইক্রোসফটের একজন মুখপাত্র জানান, তাদের কোম্পানি ভাইরাস প্রতিরোধে একটি স্বয়ংক্রিয় উইন্ডোজ চালুর চিন্তা করছে।
তবে হ্যাংকিংয়ের এ খবর সম্পর্কে রাশিয়া সরকার, নেটো, ইউক্রেইন কিংবা ইউরোপীয় ইউনিয়ন কোনো মন্তব্য করেনি। ডালাস ভিত্তিক আইসাইট গবেষকরা বলেছেন, ইন্টারনেট তৎপরতায় ব্যবহৃত ভাষার কারণে তাদের মনে হয়েছে, হ্যাকাররা রাশিয়ান।
