২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছড়ি হাতে জনসম্মুখে এসেছেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সব জল্পনার অবসান ঘটিয়ে ছড়ি হাতে জনসম্মুখে এসেছেন। গত ৩ সেপ্টেম্বরের পর এই প্রথম তাকে দেখা গেল বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 05:33 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার বলেছে, নব-নির্মিত সায়েন্টেফিক রেসিডেন্সিয়াল এলাকায় মাঠ পর্যায়ের দিক নির্দেশনা দিয়েছেন কিম।

তার একাধিক ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দৈনিক রডং সিনমুন। এতে দেখা গেছে, কিমের হাতে আছে হাঁটার ছড়ি বা ওয়াকিং স্টিক।

কিম জং-উনের অনুপস্থিতিকে কেন্দ্র করে দু'টি গুজব শোনা যাচ্ছিল। একটি তার স্বাস্থ্য নিয়ে এবং দ্বিতীয়টি, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে ষড়যন্ত্র। তবে কিম দীর্ঘসময় জনসম্মুখে অনুপস্থিত থাকার পর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ২৬ সেপ্টেম্বরে তার অসুস্থতার খবর জানিয়েছিল।

৩ সেপ্টেম্বর একটি কনসার্টে কিমকে সস্ত্রীক দেখা যাওয়ার পর থেকে রাষ্ট্রীয় গণমাধ্যমে আর কোনো ছবি দেখা না যাওয়ায় তার অসুস্থতা নিয়ে জল্পনা শুরু হয়। তাছাড়া, পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উনের নির্ধারিত আসন শূন্য থাকার কারণেও তার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন আরো জোরদার হয়েছিল।

বাবা কিম জং-ইলের মৃত্যুর পর ২০১১ সালের ১৭ ডিসেম্বর দেশটির সর্বোচ্চ নেতার পদে আসীন হন কিম। দায়িত্ব গ্রহণের পরও হঠাৎ কয়েক দিনের জন্য লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন কিম।