২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিশোধ হিসেবে সুন্নিদের হত্যা করছে শিয়ারা’

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের শিয়া বেসামরিক বাহিনীগুলো বেসামরিক সুন্নিদের অপহরণ ও হত্যা করছে বলে এক প্রতিবেদনে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 03:25 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

বিবিসি বলছে, ইসলামিক স্টেট (আইএস) এর হামলার সম্ভাব্য প্রতিশোধ হিসেবে এসব হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এসব বেসামরিক বাহিনীকে ইরাকি সরকার সমর্থন ও অস্ত্রশস্ত্র দিচ্ছে এবং দায়মুক্তি দিয়ে অভিযানে নামিয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি।

অগাস্ট ও সেপ্টেম্বরে ইরাকের বিভিন্ন জনের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে অ্যামনেস্টি।

ইরাকের বাগদাদ, সামারা ও কিরকুকে এসব সাম্প্রদায়িক সহিংসতা বেশি ঘটছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব জায়গায় হাতকড়া লাগানো মাথায় গুলিবিদ্ধ অনেক অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। এরা নির্বিচার হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যান্য অনেকে যারা নিখোঁজ রয়েছেন তাদের কোনো খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

বাগদাদের উত্তরে প্রধানত সুন্নি শহর সামারায় জুন থেকে এ পর্যন্ত ১৭০ জন সুন্নি পুরুষকে অপহরণ করা হয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। ৬ জুন ৩০ জনেরও বেশি লোককে তাদের বাড়ির কাছ থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করে মারা হয়। পরে কাছেই তাদের লাশ ফেরে রাখা হয়। “আগের দিন শহরটিতে আইএস’র একটি আকস্মিক হামলার প্রতিশোধ নিতেই ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে মনে হচ্ছে,” প্রতিবেদনে বলা হয়। জুনে আইএস’র অগ্রযাত্রার মুখে ইরাকি সেনাবাহিনীর প্রতিরোধ ভেঙে পড়লে পরিস্থিতি মোকাবিলায় লড়াইয়ে নামে শিয়া বেসামরিক বাহিনীগুলো। এসব বাহিনীর মধ্যে আসাহিব আহল আল-হক, বদর ব্রিগেড, মাহদি আর্মি, কাতায়িব হিজবুল্লাহ বেশ প্রভাবশালী হয়ে উঠেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এসব বেসামরিক বাহিনী হাজার হাজার নতুন যোদ্ধা সংগ্রহ করতে সক্ষম হলেও ইরাকি সেনাবাহিনী তা করতে ব্যর্থ হচ্ছে। বাগদাদের দিকে আইএস’র অগ্রযাত্রা এসব বেসামরিক শিয়া বাহিনীই মূলত ঠেকিয়ে রেখেছে বলে বিবিসি’র প্রতিনিধিরা জানিয়েছেন।