‘আপনাকে কেন নোবেল পুরস্কার দিয়েছে?’
পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ব্রায়ান শিমিদৎ পুরস্কারের মেডেলটি নিয়ে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশনের জেরার মুখে পড়েছিলেন।
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিক শিমিদতের এই অভিজ্ঞতা রোববার ডেইলি মেইলের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।
২৪ ক্যারেটের খাঁটি সোনায় তৈরি মেডেলটি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা রাজ্যের ফার্গো বিমানবন্দরে গিয়ে হাজির হলে ইমিগ্রেশনের কোনো বিশেষ মনোযোগ পাননি তিনি। বরং একজন সাধারণ সন্দেহভাজনের মতোই জেরা করা হয় এই শ্রদ্ধাভাজন অধ্যাপককে।
এই মেডেলটি নিজের দাদীকে দেখাতে ফার্গোতে গিয়েছিলেন তিনি। ফেরার সময় বিমানবন্দরে তাকে থামিয়ে জেরা করা হয়।
সেপ্টেম্বরে নিউইয়র্কের এক অনুষ্ঠানে ওই অভিজ্ঞতা বর্ণনা করেন ৪৭ বছর বয়সী শিমিদৎ। তিনি জানান নোবেল জয়ের পর তার দাদী মেডেলটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
ফার্গো ছাড়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশনে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন তিনি।
“বিমানবন্দরের এক্স-রে’র সামনে দিয়ে পার হওয়ার সময় ইমিগ্রেমনের লোকগুলো হতবুদ্ধি হয়ে পড়েন। মেডেলটি আমার ল্যাপটপের ব্যাগে রাখা ছিল,” বলেন তিনি।
“খাঁটি সোনার হওয়ায়, এটি সব এক্স-রে শোষণ করে নিয়েছিল। তাই এটিকে পুরোপুরি কালো দেখাচ্ছিল। এক্স-রে ছবিতে কোনো কিছুকে পুরোপুরি কালো দেখাবে এ অভিজ্ঞতা তাদের ছিল না।”
“তারা বলল, ‘স্যার, আপনার ব্যাগে মনে হয় কিছু আছে।”
“আমি উত্তর দিলাম, ‘হ্যাঁ, আমার মনে হয় এটা সেই বাক্সটা।”
“তারা বলল, ‘বাক্সে কী আছে?”
“আমি বললাম, বড় একটি সোনার মেডেল।”
“তারপর তারা সেটি খুললো আর জিজ্ঞেস করলো, ‘এটি কী দিয়ে তৈরি?”
“সোনার তৈরি।”
“কে আপনাকে এটি দিয়েছে?”
“সুইডেনের রাজা।”
“কেন তিনি আপনাকে এটি দিয়েছেন?”
“কারণ বিশ্বের সম্প্রসারণের বেগ ত্বরণায়িত হচ্ছে, এটি আবিষ্কার করতে সাহায্য করেছিলাম আমি।”
এই পর্যায়ে ইমিগ্রেশনের লোকজন অধৈর্য্য হয়ে উঠলে তিনি তাদের বুঝিয়ে বলেন, এটি নোবেল পুরস্কার।
এসব বোঝানোর পর তাদের প্রধান প্রশ্ন ছিল, “কেন আপনি ফার্গোতে এসেছিলেন?”
