হংকংয়ের নির্বাচন নীতিতে অনড় চীন
নতুন বিক্ষোভের হুমকি এলেও তাতে হংকংয়ের নির্বাচন পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়ে দিয়েছেন চীনপন্থি প্রধান নির্বাহী সি লেয়ুঙ।
স্বায়ত্তশাসিত হংকংয়ে ২০১৭ সালের জাতীয় নির্বাচনে চীনের প্রভাব খর্ব করে পূর্ণ গণতান্ত্রিক নীতি অবলম্বনের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে গণতন্ত্রপন্থিরা।
রোববার টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে লেয়ুঙ বলেন, বেইজিং আগামী নির্বাচন নিয়ে মনোভাবের কোনো পরিবর্তন আনবে না।
২০১৭ সালের নির্বাচন হবে সরাসরি জনগণের ভোটে। এতে প্রার্থী সংখ্যা বেইজিং কর্তৃপক্ষই ঠিক করবে বলে নতুন নীতিতে বলা হচ্ছে।
তবে চীনা নিয়ন্ত্রণের বিরোধী হংকংবাসীরা স্বাধীন প্রার্থিতার মাধ্যমে পছন্দের নেতা নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এ দাবিতে প্রায় এক সপ্তাহ রাজপথে অবস্থান নিয়ে হংকং অচল করেছে বিক্ষোভকারীরা।
আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের আলোচনার সিদ্ধান্ত হয়।
তবে আন্দোলনকারী ছাত্রনেতাদের সঙ্গে সরকার আলোচনা বাতিল করার একদিন পর শুক্রবার আবার নতুন করে শহরের কেন্দ্রস্থলে জড়ো হতে শুরু করে হাজার হাজার বিক্ষোভকারী।
