ইউক্রেইন থেকে রুশ সেনা প্রত্যাহারের নির্দেশ পুতিনের
ইউক্রেইন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেইন সীমান্তবর্তী রোস্তোভ এলাকায় সামরিক মহড়া শেষে সেনাদেরকে তাদের স্থায়ী ঘাঁটিতে ফেরার এ নির্দেশ দেয়া হল বলে শনিবার ক্রেমলিনের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থাগুলো।
মিলানে আগামী সপ্তাহে ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো এবং পুতিনের মধ্যে নির্ধারিত একটি বৈঠকের আগে সেনা প্রত্যাহারের এ উদ্যোগ এল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট তার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে দেখা করেছেন।
রিয়া নভোস্তি বার্তা সংস্থায় পেসকভ বলেন, দক্ষিণাঞ্চলীয় সামরিক এলাকায় গ্রীষ্মকালীন মহড়া শেষের ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী সুপ্রিম কমান্ডারকে অবহিত করার পর পুতিন সেনাদেরকে স্থায়ী ঘাঁটিতে ফেরার নির্দেশ দেন। সব মিলিয়ে এ সেনা সংখ্যা প্রায় ১৭ হাজার ৬শ’। রোস্তোভের সামরিক মহড়ায় তারা প্রশিক্সণ নিয়েছে।
ইউক্রেইনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে নেটো জোট এবং মস্কোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। গত মার্চে রাশিয়া ইউক্রেইনের ক্রিমিয়াকে নিজ ভূখন্ডের অন্তর্ভুক্ত করা এবং পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদেরকে সমর্থন দিতে থাকায় নারাজ ইউক্রেইনসহ পশ্চিমা বিশ্ব।
এক মাস আগেই রাশিয়া ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করতে কয়েকহাজার সেনাসহ ট্যাংক এবং সাঁজোয়া যান পাঠিয়েছে বলে নেটো অভিযোগ করেছে।
রাশিয়া এ সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছে। তবে বলেছে, ইউক্রেইনের ওই অঞ্চলের রুশ ভাষাভাষী নাগরিকদের রক্ষার অধিকার তাদের রয়েছে।
