দিল্লিতে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ, আটক ১
ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলের এক ব্যস্ত বাজারে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত হামলাকারীরা। এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে নয়াদিল্লির সুপার বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
তিন বন্দুকধারী পুলিশ কনস্টেবল প্রতীক ও সন্দ্বিপকে লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ করে। গুলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এ সময় উপস্থিত জনতা এক হামলাকারীকে ধরে ফেলে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অপর দুই হামলাকারী পালিয়ে যায়।
গ্রেপ্তার হামলাকারীকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ও পালিয়ে যাওয়া অপর দুই হামলাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
