ভুল বাবা-মাকে সন্তানের মৃত্যুর খবর দিল মার্কিন পুলিশ
যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের একটি ছোট শহরে ভুল করে এক দম্পতিকে দুর্ঘটনায় তাদের ছেলের মৃত্যু হয়েছে বলে খবর দেয় পুলিশ।
এতে বিপর্যস্ত হয়ে পড়া পরিবারটি কয়েক ঘন্টা পর ‘মৃত’ ছেলেকে জীবিত ফিরে পেয়ে আনন্দে ভেসে যায়।
বৃহস্পতিবার আলাস্কার পামারে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
ওই দিন ভোররাত ৩টার দিকে পুলিশের এক কর্মকর্তা কারেন ও জে প্রিস্ট দম্পতিকে জানান, তাদের ২৯ বছর বয়সী ছেলে জাস্টিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এই ভয়াবহ সংবাদ পেয়ে ওই দম্পতি বিধ্বস্ত হয়ে পড়েন। এই দুঃখজনক সংবাদ তারা ফোন করে আত্মীয়-স্বজনদের জানান। তারপর নিজেরা গাড়ি চালিয়ে তাদের আরেক ছেলেকে এই সংবাদ দিতে যান।
এরপর শোকে মুহ্যমান ওই পরিবার ‘নিহত’ জাস্টিনের বান্ধবীকে খবরটি দিতে তাদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন।
ভোর সাড়ে পাঁচটার দিকে তারা জাস্টিনের ওই বান্ধবির বাসায় পৌঁছান।
ওই বাসার দরজায় আঘাত করার কিছুক্ষণ পর স্বয়ং তাদের সন্তান জাস্টিন দরজা খুলে দেন। দরজা খুলে নিজের বাবা ও মাকে দেখতে পেয়ে তিনি বিস্মিত হন। কী ঘটেছে তা তিনি তখনো জানেন না।
ওদিকে তার বাবা-মা আনন্দে উদ্বেলিত হয়ে চিৎকার জুড়ে দেন। তারা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দে কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরেন।
বিস্মিত জাস্টিন পরে জানিয়েছেন, তিনি কুকুরটিকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হওয়ার জন্য ঘুম থেকে উঠেছিলেন। এমন সময় দরজায় শব্দ শুনতে পান। ঘুম চোখে দরজা খুলে সামনে নিজের বাবা-মা’কে দেখে অবাক হয়ে যান।
জাস্টিনের আনন্দিত মা বলেছেন, “দরজা খুলল স্বয়ং জাস্টিন। আমি তখনো ওকে দেখিনি, কিন্তু জে আনন্দে চিৎকার শুরু করল। এটি আমাকে স্পর্শ করল না, কিন্তু তখনই আমি জাস্টিনকে দেখতে পেলাম।”
“আপনি সত্য হিসেবে এটাই চাইবেন, কিন্তু থমকে যাবেন। আমি ভাবলাম আমি ভুল দেখছি নাতো? কী হচ্ছে জাস্টিন কিন্তু কিছুই বুঝতে পারছিল না”, বলেন তিনি।
প্রকৃত ঘটনা হল, দুর্ঘটনায় একই নামের অন্য এক ব্যক্তি, যার জন্ম তারিখও আলাদা, নিহত হয়েছিলেন।
এই ভুলের জন্য পুলিশ ক্ষমা প্রার্থনা করেছে।
আরেক পরিবারের এক সন্তান নিহত হয়েছেন, সেই বিষয়টি স্মরণ করে তাদের পরিবারের উৎসব স্তিমিত হয়ে গেছে বলে জানিয়েছেন জাস্টিন প্রিস্ট।
