২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোবানির পতন হত্যাযজ্ঞ ডেকে আনবে: জাতিসংঘ

সিরিয়ার শহর কোবানি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দখলে চলে গেলে সেখানকার হাজার হাজার মানুষ হত্যাযজ্ঞের শিকার হতে পারে বলে আশঙ্কা প্র্রকাশ করেছেন এক জাতিসংঘ দূত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 10:05 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

সিরিয়ায় জাতিসংঘের শান্তিদূত স্তাফান ডি মিসতুরার আশঙ্কা, কোবানিকে বসনিয়ার শহর স্রেব্রেনিকার ভাগ্য বরণ করতে হতে পারে। ১৯৯৫ সালে সার্বরা স্রেব্রেনিকার আট হাজার মুসলিমকে হত্যা করেছিল।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তাদের রক্ষা করতে ব্যর্থ হয়। মিসতুরা বলেন, “কোবানির পতন হলে ৭০০ যোদ্ধা এবং সেই সঙ্গে ১২ হাজারের মতো বেসামরিক মানুষের প্রায় সবাইকে হত্যা করা হতে পারে।”

জাতিসংঘের হিসাব অনুযায়ী কোবনিতে প্রায় ৭০০ কুর্দি যোদ্ধা আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। এরই মধ্যে আইএস কোবানি শহরের এক তৃতীয়াংশ দখল করে নিয়েছে এবং সেখানকার বেসামরিক জনগণ শহরের মধ্যে আটকা পড়েছে।

দি মিসতুরা বলেন, “আপনারা কি স্রেব্রেনিকার কথা স্মরণ করতে পারেন? আমরা কখনো ভুলতে পারি না এবং এজন্য খুব সম্ভবত নিজেদের কখনো ক্ষমা করতে পারি না।”

“এবার কোবানিতে যখন বেসামরিক জনগণের জীবনের ওপর হুমকি আসন্ন। তখন আমরা চুপচাপ বসে থাকতে পারি না, বসে থাকা উচিতও নয়।”

কোবানির দক্ষিণ-পূর্বাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকায় গত তিনদিনের লড়াইয়ে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছে। পুরো সীমান্ত এলাকা থেকে আইএস ও কুর্দি যোদ্ধাদের সংঘর্ষের আওয়াজ পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীও শহরটিতে আইএস এর বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে।